অতিদ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের পর তিনি সাংবাদিকদের কাছে এ আশা ব্যক্ত করেন।
বৈঠকের বিস্তারিত তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলোর কাছে প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছেন, সংস্কারের যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশন দিয়েছে, সেগুলোর উপর আলাপ আলোচনা হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনৈতিক দলগুলো এ বিষয়ে নিয়ে সংস্কার কমিশনের সঙ্গে কথা বলবে এবং একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। সেজন্য আজকে প্রাথমিক আলোচনা হয়েছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছেন। আমরা আশা করব দ্রুত সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি হবে। অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা।’
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। এ ছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হালদার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণ ফোরামের প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির নেতারাও বৈঠকে ছিলেন।


রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ড. ইউনূস, ঐকমত্য কমিশনের প্রথম সভা
