চা-বেলায় বা হঠাৎ খিদে মেটাতে চাইলে ব্রেড ছাড়া এই চিকেন স্যান্ডউইচ দারুণ। খুব সহজ কিছু উপকরণে স্যান্ডউইচ মেকারেই বানানো যায়। ফ্লাফি লিকুইড ডোর মধ্যে মসলা, সবজি আর চিকেনের স্বাদ মিলে তৈরি হয় সুস্বাদু স্যান্ডউইচ।
এই রেসিপি যেন ঘরে বসেই ছোটখাটো রেস্তোরাঁর স্বাদ এনে দেয়। আর বানাতেও ঝামেলা নেই, মিশ্রণ তৈরি করে স্যান্ডউইচ মেকারে গ্রিল করতে হবে মাত্র ৮-১০ মিনিট। রইল রেসিপি।
উপকরণ:
- ময়দা ছাঁকানো ১ কাপ
- সুজি ১/২ কাপ
- লাল মরিচ ক্রাশ করা ১ চা-চামচ
- বেকিং পাউডার ১ চা-চামচ
- লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ বা স্বাদ অনুযায়ী
- লবণ ১ চা-চামচ বা স্বাদ অনুযায়ী
- ডিম ২টি (ফেটানো)
- রান্নার তেল ৪ টেবিল চামচ
- পানি ১/২ কাপ বা প্রয়োজন অনুযায়ী
- গাজর কাটা ১/৪ কাপ
- পেঁয়াজ কাটা ১টি ছোট
- ক্যাপসিকাশ কুচি ১/৪ কাপ
- চিংড়ি বা চিকেন (সেদ্ধ ও কুঁচি করা) ১ কাপ
- ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
- কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
- পানি ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালী
একটি বাটিতে ময়দা, সুজি, লাল মরিচ ক্রাশ, বেকিং পাউডার, লাল মরিচ গুঁড়া এবং লবণ ভালো করে মেশান। এতে ফেটানো ডিম এবং রান্নার তেল যোগ করে ভালো করে মেশান। ধীরে ধীরে পানি মিশিয়ে বেটার তৈরি করুন। তারপর ঢেকে ৫ মিনিট বিশ্রাম দিন।
তারপর বেটার আবার ফেটিয়ে নিন। এরপর এতে গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, চিকেন, ধনেপাতা এবং কাঁচা মরিচ মিশিয়ে ভালো করে নেড়ে নিন। প্রয়োজনে সামান্য পানি যোগ করতে পারেন।
এবার স্যান্ডউইচ মেকার প্রিহিট করুন। স্যান্ডউইচ মেকারের গ্রিল অংশে তেল লাগিয়ে তৈরি মিশ্রণ ঢেলে ঢাকনা বন্ধ করুন। ৮-১০ মিনিট ধরে স্যান্ডউইচ গ্রিল করুন। ৮-৯টি স্যান্ডউইচ হবে। স্যান্ডউইচ গরম গরম পরিবেশন করুন টমেটো কেচাপের সঙ্গে।


কলা-ব্রেড টোস্টে চমক, রইল রেসিপি
আলু কাটলেট র্যাপ যেভাবে বানাবেন, রইল রেসিপি
