কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নৌকাডুবিতে নিখোঁজের ২০ ঘণ্টা পর আরও দুই মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ৬টার দিকে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার ভাটির দিকে তাদের মরদেহ ভেসে উঠে।
এর আগে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলার পাগলা থানার দত্তের বাজার এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। ঘটনার দুই ঘণ্টা পর শাপলা (১৫) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
নিহতরা হলো- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে শাপলা, একই গ্রামের হাবিব মিয়ার ছেলে আবির (৭) এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তাঁরা সবাই ময়মনসিংহের পাগলা থানা এলাকার বিরুই নদীর পাড় দাখিল মাদরাসার শিক্ষার্থী।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো ৯ জন শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে পাকুন্দিয়ার চর আলগী থেকে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদরাসায় যাচ্ছিল। পাগলা থানার দত্তের বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল বেলা ১১টার দিকে শাপলা নামে একজনের মরদেহ উদ্ধার করে। আজ বুধবার সকাল ৬টায় ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার ভাটির দিকে বামনখালী গ্রামের মহর খাঁ ঘাট এলাকায় দুজনের মরদেহ ভেসে উঠে।


কিশোরগঞ্জে নৌকাডুবিতে মাদরাসা ছাত্রীর মৃত্যু, নিখোঁজ ২
