রাজধানীর লালবাগ থানার একটি বাসা থেকে ফাতেমা (২৪) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এর আগে লালবাগ থানার শহীদ নগরের ভাড়া বাসার ষষ্ঠ তলা থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিলেন তিনি। ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোম ইকোনোমিক্স বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
হাসপাতলে নিয়ে আসা ওই শিক্ষার্থীর খালাতো ভাই মুশফিক বলেন, ‘আমার বোন লালবাগের ওই বাসায় ভাড়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দ্রুত তাকে প্রথমে রামপুরা ডেলডা লাইফ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে সে এ ঘটনাটি ঘটিয়েছে তা আমরা কিছুই জানি না।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।



