ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর।
বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই বৃদ্ধকে। এরপর ঢামেকে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী বলেন, ‘আজ দুপুরের দিকে খবর পেয়ে অচেতন অবস্থায় পড়ে থাকা ওই ব্যক্তিকে উদ্ধার করি। পরে দ্রুত থাকে জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান ওই ব্যক্তি বেঁচে নেই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনো ওই বৃদ্ধের নাম পরিচয় জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার জন্য সিআইডির ক্রাইম ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
গত ৩ দিনে তিনটি অজ্ঞাত মরদহ জরুরি বিভাগের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। এভাবে মাসে প্রায় ছয় থেকে সাতটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগের পাশে মরদেহ ফেলে রাখার এমন ঘটনার বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুকের কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, ‘রাতের আঁধারে কে বা কারা মরদেহগুলো হাসপাতালের জরুরি বিভাগের আশপাশে ফেলে রেখে যায় তা আমরা কিছুই জানি না। তবে ভবিষ্যতে এ বিষয়ে আরও কঠোর নিরাপত্তা জোরদার করা হবে।’



