রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে ট্রলির ওপর থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ১৫ বছর। তাৎক্ষণিভাবে তার পরিচয় পাওয়া যায়নি। ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আসার পর দুই ব্যক্তি পালিয়ে গেছে।
আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের টলিম্যান আব্দুর রউফ জানান, আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী দুই ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ওই কিশোরীকে ঢামেকের জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন। তিনি এগিয়ে গেলে ওই দুই ব্যক্তি কিশোরীকে ট্রলিতে তোলেন এবং জরুরি বিভাগের টিকিট কাটার কথা বলে কৌশলে দ্রুত সেখান থেকে সটকে পড়েন। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে কিশোরীকে মৃত ঘোষণা করেন।
নিহত কিশোরীর গলায় ফাঁস লাগার দাগ এবং দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই কিশোরীর শরীরে আঘাত ও গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, বা অন্য কি কারণে মারা যেতে পারে তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তি সহায়তায় ওই কিশোরীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিএনজিসহ পালিয়ে যাওয়া দুই পুরুষকে শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।



