এখন থেকে সিগারেট, ওষুধ, মোবাইল ফোন, ব্যাংকিংসহ ১১টি গুরুত্বপূর্ণ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। দেশে ভ্যাট সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ও ডিজিটালাইজেশন প্রক্রিয়াকে আরও জোরদার করতে নতুন এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
আজ রোববার এনবিআর এসব খাতে ই-ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করে একটি আদেশ জারি করেছে।
আদেশে বলা হয়, উৎপাদন পর্যায়ে ৮টি পণ্যের ক্ষেত্রে অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এগুলো হলো: সিগারেট, মোবাইল ফোন, রড, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস এবং রং ও বার্নিশ।
অন্যদিকে, সেবা পর্যায়ে যে ৩টি খাতকে এই আদেশের আওতায় আনা হয়েছে সেগুলো হলো: বিমা, ব্যাংকিং, নন-ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
এনবিআরের নির্দেশনায় আরও বলা হয়েছে যে, নিবন্ধিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই নির্ধারিত পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো ব্যবসায় জড়িত থাকলেও, তাদের পুরো কার্যক্রমের জন্যই অনলাইনে রিটার্ন জমা দিতে হবে।



