শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকে নতুন করে লাইসেন্স না দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডারস অ্যাসোসিয়েশন- বাফা। এছাড়া মোট বিলের ওপর ১ শতাংশ উৎসে কর প্রত্যাহার এবং স্থানীয় লেনদেনে বাংলাদেশি মুদ্রা ব্যবহারের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ রোববার এনবিআরের সামনে মানবন্ধনে এসব দাবি তুলে ধরেছে লজিস্টিকস খাতের শীর্ষ সংগঠন- বাফা। সংগঠনটির দাবি, ফ্রেইট ফরওয়ার্ডিং খাতে নীতিগত পরিবর্তনের আগে তার অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন করা প্রয়োজন।
সংগঠনের উপদেষ্টা কবির আহমেদ বলেন, নতুন বিধিমালা কার্যকর হলে সাড়ে ১২শ দেশীয় প্রতিষ্ঠান হুমকির মুখে পড়বে। তাই বিদেশি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আগের মতো ৬০ শতাংশ দেশীয় মালিকানা বহাল রাখার দাবি জানান তিনি।
এর আগে, গত ৭ সেপ্টেম্বর ফ্রেইট ফরওয়ার্ডিং এজেন্ট লাইসেন্সিং অ্যান্ড অপারেশনস রুলসের অধীনে ২০১৫ সালের আগে লাইসেন্স পাওয়া বিদেশি কোম্পানিগুলোর লাইসেন্স নবায়নের বিষয়ে স্পষ্টীকরণ জারি করে এনবিআর।



