শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সালেহ আহমেদ নামে এক বিএনপি নেতা মারা গেছেন। শুক্রবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে এ ঘটনা হয়।
নিহত আবু সালেহ আহমেদ ভারুয়া ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
স্বজনদের অভিযোগ, জুমার নামাজের সময় মসজিদে নতুন কমিটিকে কেন্দ্র করে বিরোধের একপর্যায়ে ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মতিন গ্রুপের লোকজন ও সালেহ আহমেদ গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনার সময় মসজিদের ভিতরেই আবু সালেহ আহমেদ পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মতিন সহ ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মসজিদ কমিটি নিয়ে দুপক্ষের বিরোধে সালেহ আহমেদকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে তাকে মৃত্যু ঘোষণা করে। পর তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’


