প্রেম মানে না কোনো বাঁধা। মন পাখি হয়ে দুজনে ডানা মেলে উড়তে চাইলে, দূরত্ব সেখানে কেবল পথ। আনমনা মন সারাক্ষণ তাকে চাইলে, তার শক্তিতে সকল প্রতিবন্ধকতা জয় করা সম্ভব। ব্যাপারটা পৃথিবীকে জয় করার মতো। তাইতো প্রেমের টানে নিজ দেশের গণ্ডি পেরিয়ে ফিলিপাইন থেকে জয়পুরহাটের ক্ষেতলালে এসেছেন আনা মারিয়া ভেলাস্কো নামে এক নারী।
ফিলিপাইনের যুবতীর প্রেমিক আবদুল্লাহ হেল আমান জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের মিনিগাড়ী গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত শারফুল ইসলাম তালুকদারের বড় ছেলে। গত দুই বছর ধরে ফিলিপাইনের নাগরিক আনা মারিয়া ভেলাস্কোর সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর।
এরই ধারাবাহিকতায় বিবাহের উদ্দেশ্যে বিমানযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ফিলিপাইনের ওই নারী। সেখান থেকে প্রেমিক আবদুল্লাহ হেল আমান গাড়িতে করে ফিলিপাইন যুবতীকে নিয়ে ক্ষেতলাল পৌরসভার সদরে ভাড়া বাসায় পৌঁছান।
শুধু তাই নয়, নিজের ধর্ম ও নাম পরিবর্তন করে প্রেমিক আবদুল্লাহ হেল আমানকে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে করেন আনা মারিয়া। বিবাহের সময় নতুন নাম মরিয়ম আমান রাখা হয়।

আবদুল্লাহ হেল আমান বলেন, ‘ফেসবুকের মাধ্যমে পরিচয়। প্রায় ২-৩ বছর আগে থেকে তার সাথে আমার সম্পর্ক। আমি তাকে বিবাহের প্রস্তাব দিই। সে একসেপ্ট করে। সারাজীবনের জন্য চলে আসবে বলে জানায়। তারপর সে আসে।’
নতুন এই নব দম্পতিকে দেখতে আশপাশের এলাকা থেকে ছুটে আসছেন অনেকে। এই নবদম্পতির প্রতি এলাকাবাসীর সমর্থন ও ভালোবাসা রয়েছে শতভাগ।
আমানের এক সন্তান ছিল দীর্ঘদিন মাতৃহারা। নতুন বিদেশি মায়ের আদর স্নেহে ইতিমধ্যেই মা—ছেলের ভালোই কাটছে সময়। মা হারা এই শিশু নতুন মাকে পেয়ে ভীষণ খুশি।
অন্যদিকে আমানের মা বলেন, তাঁর কোনো মেয়ে নেই, বিদেশি পুত্রবধূকে মেয়ের মতোই ভালোবাসবেন। ফিলিপাইনের ওই তরুণী আসার পর থেকে সবার সঙ্গে মিলেমিশে চলছে বলে জানান তিনি।
মরিয়ম আমান ইংরেজিতে বলেন, দুজনার মধ্যে দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। তিনি খ্রিস্টান ছিলেন। বর্তমানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ করেছেন। প্রেম—ভালোবাসার পাশাপাশি বাংলাদেশে এসে আরও অনেক কিছুই ভালো লেগেছে।
এ ব্যাপারে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সংবাদ পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফিলিপাইন নাগরিক আনা মারিয়া ভেলাস্কোকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। সে জানিয়েছে, নিজ ইচ্ছায় বাংলাদেশে এসেছে।



