সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে প্রায় সব নিত্যপণ্যের দাম। সবজি, মুরগি ও মাছের বাজার ক্রমাগত ঊর্ধ্বমুখী। চালের দামও বাড়তি। তবে কিছুটা স্বস্তি ফিরেছে ডিমের দামে।
আজ শুক্রবার কারওয়ানবাজারসহ বেশ কয়েকটি কাঁচাবাজারে এমন চিত্র দেখা যায়। বাজারে দেখা যায়, পর্যাপ্ত সরবরাহ রয়েছে সব ধরনের সবজির। তবে সবজি কিনতে বাড়তি ২০-৩০ টাকা গুনতে হচ্ছে।
বেগুনের দাম মানভেদে ৮০- ১০০ টাকা, পেপে ৫০ টাকা। কেজিতে ১০ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। লাউ ৭০ টাকা। চালের দাম কেজিতে বেড়েছে ৩ টাকা। মিনিকেট চালের দাম ৭৫ টাকা। মোটা চাল ৫০ টাকা।
সোনালি মুরগির দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা। বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়। কেজিতে ১০ টাকা দাম বেড়েছে ব্রয়লার মুরগির। বিক্রি হচ্ছে ১৯০ টাকায়।
এছাড়া মাছ বাজারে সব মাছের দাম চড়া। রুই প্রতি কেজিতে দাম ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। পাঙ্গাশ মাছের দাম ৩৫০ টাকা।



