অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ অক্টোবর থেকে ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।
বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে।
বর্তমানে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আগামী ১ অক্টোবর থেকেও এসব জ্বালানি একই দামে বিক্রি হবে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের এসব দাম নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে অক্টোবর মাসেও ওই দামই বহাল থাকছে।


