বিশ্বজুড়ে স্কুলগুলোতে স্মার্টফোন নিষিদ্ধ করার আহ্বান জানাল জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। সংস্থাটি বলছে, ক্লাসরুমের মধ্যে শিক্ষার্থীদের যাতে মনোযোগে ব্যাঘাত না ঘটে। পাশাপাশি শেখার মানোয়ন্নের স্বার্থে ও সাইবার বুলিং থেকে শিশুদের রক্ষা করতে স্কুলগুলিতে স্মার্টফোন নিষিদ্ধ করা উচিত।
ইউনেস্কোর প্রকাশিত ওই রিপোর্টে আরও বলা হয়, স্মার্ট ফোনের অতিরিক্ত ব্যবহারে শিক্ষাগত দক্ষতা কমে যায়। মোবাইলের দিকে অতিরিক্ত তাকিয়ে থাকা শিশুদের মানসিক স্থিতিশীলতার ওপর খারাপ প্রভাব ফেলে। তাই শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার মানব-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মধ্যেই হওয়া উচিত।
ডিজিটাল প্রযুক্তির কু-ফল সম্পর্কে প্রতিটি দেশের নীতি নির্ধারকদের সতর্ক করে ইউনেস্কো জানিয়েছে, নতুন মানেই যে ভালো এমন জিনিস নাও হতে পারে। সব পরিবর্তন আমাদের সামনের দিকে এগিয়ে নাও দিতে পারে। এপ্রসঙ্গে ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল অড্রে আজৌলে বলেন, ডিজিটাল বিপ্লবের প্রচুর সম্ভাবনা রয়েছে। কিন্তু সমাজের ভালোর জন্য এই বিষয়ে নিয়ন্ত্রণের দরকার রয়েছে।
একইভাবে শিক্ষার ক্ষেত্রেও একে কী ভাবে ব্যবহার করা হচ্ছে সেদিকেও মনোযোগ দেওয়া উচিত। ওই রিপোর্টে অভিযোগ করা হয়েছে যে, বিভিন্ন বহুজাতিক সংস্থাগুলো নিজেদের ব্যবসায়িক স্বার্থে শিক্ষার সঙ্গে ডিজিটাল প্রযুক্তিকে যুক্ত করতে চাইছে। এভাবে পুরো বিশ্বের শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছে। কিন্তু এর কুফল সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। লক্ষ্য করতে হবে প্রযুক্তির ব্যবহার যেন শিক্ষার্থীরদের উন্নতির বদলে ক্ষতি না করে।


