
ঢাকার মাটিতে পা রেখেছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এই খুশির সংবাদটি শেয়ার করেছেন তিনি নিজেই। বেশকিছু ছবিও পোস্ট করেছেন। কয়েকটি ছবিতে দেখা যায়, বাংলাদেশে পৌঁছেই পুরান ঢাকার আহসান মঞ্জিলে ছুটে গেছেন তিনি। তবে শুধুই কি বেড়াতে গিয়েছিলেন?
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আহসান মঞ্জিলে একটি শুটিংয়ে অংশ নেন এই অভিনেত্রী।
এ সময় তিনি একা ছিলেন না। সঙ্গে ছিলেন বাংলাদেশের ইউটিউব ব্যক্তিত্ব, মডেল ও অভিনেতা রাফসান দ্য ছোট ভাই।
ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে তোলা কিছু ছবিও সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন হানিয়া। এদিন তাঁকে অ্যাশ রংয়ের সালোয়ার কামিজে দেখা যায়। আর রাফসান পরেছিলেন কালো রংয়ের পোশাক।

প্রকাশ্যে আসা ছবি ও রিলসে দেখা যায়, আহসান মঞ্জিলে ফুচকা ও ঝালমুড়ি খাচ্ছিলেন এই দুই তারকা। এ সময় ফুড রিভিউয়ের জন্য খাবার নিয়ে অভিনেত্রীকে বিস্তারিত বলছিলেন রাফসান। কিছু সময় সেখানে শুটিংয়ে ব্যস্ত ছিলেন তাঁরা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় এসেছেন হানিয়া। পৌঁছেই খবরটি জানিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে তিনি লেখেন, ‘আসসালামুয়ালাইকুম, বাংলাদেশ কেমন আছ?’ সঙ্গে তিনি বাংলাদেশ ও নিজ দেশ পাকিস্তানের পতাকার সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।
আগামীকাল ২১ সেপ্টেম্বর সানসিল্ক আয়োজিত একটি এক্সক্লুসিভ ফটোশুটে এ অভিনেত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।


বিয়ে করলেন ফারিয়া
