নায়করাজের সম্বল ছিল একটি চিঠি

বাংলা চলচ্চিত্রের ইতিহাস তাঁকে ছাড়া অসম্পূর্ণ। ক্যারিয়ারে অভিনয় করেছেন প্রায় তিন শতাধিক ছবিতে। পরিচালক হিসেবেও নাম করেছেন। বলা হচ্ছে, ষাট থেকে আশি দশক মাতানো জনপ্রিয় নায়ক রাজ্জাকের কথা। অভিনয়ের সুবাদে তিনি পেয়েছিলেন নায়করাজ উপাধি। আজ সেই প্রয়াত নায়করাজ রাজ্জাকের ৮২তম জন্মবার্ষিকী। বিশেষ এই দিনটিতে ইনডিপেনডেন্ট ডিজিটালে থাকছে তাঁর জানা-অজানা।

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১১:২০ এএম

নায়করাজ রাজ্জাকের জন্ম ১৯৪২ সালের ২৩ জানুয়ারি। অবিভক্ত ভারতের কলকাতার কালীগঞ্জের নাকতলায় জন্মেছিলেন তিনি।

ছোটবেলা থেকেই চলচ্চিত্রের প্রতি আগ্রহী ছিলেন রাজ্জাক। তরুণ বয়সে তিনি বম্বে (মুম্বাই) চলে গিয়েছিলেন। প্রায় দুই মাস সেখানে ছিলেন। তবে যে স্বপ্ন নিয়ে গিয়েছিলেন তা পূরণ করতে পারেননি। ফের ফিরে আসেন কলকাতায়। অস্থিরতার মধ্যে দিয়ে দিন কাটতে থাকে তাঁর। কিন্তু অভিনয়ের ঝোঁক ভুলতে পারেননি। পরিচালকদের পেছনে ঘুরতে থাকেন, সুযোগ আসে না।

কিছুদিন চাকরিও করেছিলেন কলকাতায়। মাত্র ১৯ বছর বয়সে বিয়েও করেন। স্ত্রী লক্ষ্মীকে নিয়ে কাটতে থাকে দিন, কিন্তু অভিনয়ের নেশা যেন কাটে না। একসময় ছেলে বাপ্পারাজ ও স্ত্রীকে নিয়ে কলকাতা ছেড়ে চলে আসেন ঢাকা শহরে। তখনকার ঢাকায় কেউ তাঁর পরিচিত ছিল না। সম্বল ছিল একটি চিঠি। কলকাতা থেকে ঢাকাই চলচ্চিত্র পরিচালক আবদুল জব্বার খানের কাছে সেখানকার নাট্যপরিচালক পীযুষ বসু এই চিঠি লিখে দিয়েছিলেন। বিষয় ছিল—রাজ্জাক যেন অভিনয় করতে পারেন।

রাজ্জাক। ছবি: সংগৃহীত

এই চিঠিই ছিল সে সময়ে রাজ্জাকের সম্বল। আর চোখে মুখে ছিল স্বপ্ন। ছিল হতাশাও। অস্থিরতাও ছিল। তারপরও রাজ্জাক হাল ছেড়ে দেননি।

অচেনা শহর ঢাকায় ওই চিঠি নিয়ে দেখা করার পর পরিচালক আবদুল জব্বার খান সেই সময়ের কয়েকজন নামকরা পরিচালকের কাছে রাজ্জাককে পাঠিয়েছিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তারপর আবদুল জব্বার খান রাজ্জাককে পাঠিয়েছিলেন ইকবাল ফিল্মসে। সেখান থেকে নির্মিত হয়েছিল ‘উজালা’। কামাল আহমেদ পরিচালিত ‘উজালা’য় সহকারী পরিচালক হিসেবে ঢাকায় নতুন জীবন শুরু করেন রাজ্জাক।

এদিকে, ঢাকায় সে সময়ে ত্রিশ টাকা মাসিক ভাড়ায় রাজ্জাক তাঁর পরিবারকে নিয়ে বাসা ভাড়া নেন কমলাপুরে। ঢাকাই সিনেমায় নায়ক হওয়ার জন্য তখন তাঁর কঠোর সংগ্রাম আরও বেশি করে শুরু হয়।

সহকারী পরিচালক হিসেবে বেঁচে থাকার জন্য কাজ করতে থাকলেও রাজ্জাকের মন পড়ে থাকত অভিনয়ের প্রতি। তারপর ছোট-ছোট চরিত্রে অভিনয় দিয়ে এ দেশের সিনেমায় ক্যারিয়ার শুরু করেছিলেন রাজ্জাক। সেই সিনেমাগুলো হচ্ছে ‘ডাক বাবু’, ‘কার বউ’, ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’।

রাজ্জাকের প্রথম নায়িকা ছিলেন সুচন্দা। ছবি: সংগৃহীত

এক সময়ে সুযোগ এসে যায় তাঁর। বিখ্যাত নির্মাতা জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’ সিনেমায় নায়ক হিসেবে অভিষেক ঘটে। রাজ্জাক নায়িকা হিসেবে পান সুচন্দাকে।

‘বেহুলা’ দর্শকের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়। রাজ্জাক নামটি নায়ক হিসেবে চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর রাজ্জাক ও সুচন্দাকে জুটি করে জহির রায়হান নির্মাণ করেন ‘আনোয়ারা’। বিখ্যাত লেখক মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্ন রচিত ‘আনোয়ারা’ উপন্যাস থেকে নির্মিত এ সিনেমায় আনোয়ারার স্বামীর চরিত্রে অভিনয় করার পর দর্শকরা পেয়ে যায় নতুন এক রাজ্জাককে।

১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের পরিপ্রেক্ষিতে ভারত থেকে ছবি আসা নিষিদ্ধ হয়। উত্তম-সুচিত্রা জুটি তখনও দুই বাংলায়ই জনপ্রিয়। হঠাৎ সেসব ছবি এ দেশে না আসায় উত্তম-সুচিত্রা জুটির বিকল্প খুঁজতে লাগল মানুষ। রাজ্জাক-সুচন্দা হয়ে উঠলেন সেই বিকল্প।

নায়ক হিসেবে রাজ্জাক-সুচন্দা, রাজ্জাক-কবরী ও রাজ্জাক-ববিতা ও রাজ্জাক-শাবানার অনেক সিনেমা দর্শকহৃদয়ে আলোড়ন সৃষ্টি করে, যা রাজ্জাককে ঢালিউডের নায়করাজ উপাধিতে ভূষিত করেছে। সিনে-পত্রিকা ‘চিত্রালী’র সম্পাদক আহমদ জামান চৌধুরী তাঁকে এই উপাধি দিয়েছিলেন।

জনপ্রিয় জুটি রাজ্জাক-কবরী। ছবি: সংগৃহীত

রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের মধ্যে ‘আখেরি স্টেশন’, ‘১৩নং ফেকু ওস্তাগার লেন’, ‘কাগজের নৌকা’, ‘বেহুলা’, ‘আগুন নিয়ে খেলা’, ‘আনোয়ারা’, ‘দুই ভাই’, ‘সুয়োরাণী দুয়োরাণী’, ‘ময়নামতি’, ‘আগন্তুক’, ‘নীল আকাশের নীচে’, ‘যে আগুনে পুড়ি’, ‘ক খ গ ঘ ঙ’, ‘জীবন থেকে নেয়া’, ‘পীচ ঢালা পথ’, ‘দর্পচূর্ণ’, ‘কাঁচ কাটা হীরা’, ‘দ্বীপ নেভে নাই’, ‘স্বরলিপি’, ‘স্মৃতিটুকু থাক’, ‘অশ্রু দিয়ে লেখা’, ‘এরাও মানুষ’ উল্লেখযোগ্য। 

ক্যারিয়ারে মোট পাঁচবার শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন নায়করাজ রাজ্জাক। ২০১৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাঁকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

২০১৭ সালের ২১ আগস্ট অগণিত ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান রাজ্জাক। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
১৯৭১–এর পর ২০২৬ সালে এসে আবারও কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে একটি চিঠি। দাবি করা হচ্ছে, ‘রিপাবলিক অব বেলুচিস্তান’...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর