বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে নির্মাতা বদিউল আলম খোকন, রিয়াজুল রিজু ও মনজুরুল ইসলাম মেঘকে। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ এবং সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত পরিচালক সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির কার্যনির্বাহী সদস্য ও নির্মাতা গাজী মাহবুব। তিনি জানান, সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং পরিচালক সমিতির সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে তিন পরিচালকের সদস্যপদ আজীবনের জন্য বাতিল করা হয়েছে।
জানা গেছে, প্রায় এক বছর আগে পরিচালক সমিতির নির্বাচন বাতিলের দাবিতে আদালতে মামলা করেন বদিউল আলম খোকন। ওই মামলায় প্রধান আসামি করা হয়েছিল প্রয়াত নির্মাতা আব্দুল লতিফ বাচ্চুকে। নির্বাচিত কমিটির বিরুদ্ধে তার এই আইনি পদক্ষেপকে কেন্দ্র করে সমিতির ভেতরে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়। পরে সেই ঘটনার ধারাবাহিকতায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে, ওই মামলাকে কেন্দ্র করে মনজুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজুর বিরুদ্ধেও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক সমিতির বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণায় যুক্ত থাকার অভিযোগ ওঠে। সমিতির দাবি, বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেই অভিযোগও বিবেচনায় নেওয়া হয়েছে।
বদিউল আলম খোকন বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের অন্যতম পরিচিত নির্মাতা। শাকিব খান অভিনীত ‘প্রিয়া আমার প্রিয়া’ ও ‘নাম্বার ওয়ান শাকিব খান’সহ একাধিক ব্যবসাসফল সিনেমা পরিচালনা করেছেন তিনি।
অন্যদিকে, রিয়াজুল রিজু ‘বাপজানের বায়োস্কোপ’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশের একাধিক সম্মাননা অর্জন করেছেন।
তবে পরিচালক সমিতির এই সিদ্ধান্তের বিষয়ে বহিষ্কৃত তিন নির্মাতার কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


‘জুন মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪৩৮ জনের’ 
