জাঁকজমকপূর্ণ পার্টি, কেক কাটা কিংবা গ্ল্যামারাস আয়োজন নয়—প্রকৃতি আর সবুজের সঙ্গেই নিজের ৩০তম জন্মদিন উদযাপন করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। জন্মদিন উপলক্ষে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ৩০০টি ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করে পরিবেশ সংরক্ষণে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
গত ৯ জুলাই বাগেরহাটের মোংলায় পশুর নদীর তীরবর্তী সুন্দরবনের কানাইনগর এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে 'সুন্দরী ইকো রিসোর্ট'।
জন্মদিনে এমন ভিন্নধর্মী উদ্যোগের বিষয়ে চমক বলেন, ‘মানুষ প্রকৃতিরই একটি অংশ। নাগরিক জীবনের ব্যস্ততা আর ইট-পাথরের দেয়াল ছেড়ে যত বেশি সবুজের কাছে ফেরা যায়, জীবন ততটাই অর্থবহ হয়ে ওঠে। প্রকৃতির সান্নিধ্যেই জীবনের প্রকৃত সৌন্দর্য অনুভব করা সম্ভব।’
সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে অভিনেত্রী আরও বলেন, ‘সুন্দরবন আমাদের মায়ের মতো আগলে রাখে। কিন্তু দিন দিন এই বন সংকুচিত হচ্ছে, হুমকির মুখে পড়ছে বন্যপ্রাণীও। আমার এই ছোট্ট উদ্যোগের উদ্দেশ্য ছিল ভক্ত ও অনুসারীদের পরিবেশ রক্ষায় সচেতন করা। সবাই যদি নিজের জায়গা থেকে এগিয়ে আসি, তাহলে সুন্দরবনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করা সম্ভব।’


ভারী বর্ষা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর
