ইলেকট্রনিক ডিভাইস দিয়ে কৃত্রিম ডাক সৃষ্টি করে পাখি শিকার হচ্ছে। বিল-জলাশয়ে এ পদ্ধতি ব্যবহার করছে চোরা শিকারিরা। বন বিভাগ বলছে, শীতে হাজার মাইল দূর থেকে পরিযায়ী পাখি আসে বাংলাদেশে। এসময় বেড়ে যায় পাখি শিকারও। সরকার এয়ারগান বহন ও ব্যবহার নিষিদ্ধ করলেও কমছে না পাখি শিকার।
শামুক খোলের ছানারা সব উড়তে শিখেছে। বর্ষা শেষে ডিম ফুটে জন্মানো ছানার দল উড়ে বেড়ায় ডানামেলে। মানিকগঞ্জে জলাশয়ের ধারে শিরিশ গাছের উঁচু ডালে বাসা তাদের। সাদাবক, হাড়িচাচা পাখির আনাগোনাও বেশ। পুরো শীতেই এই পাখি থাকে এই এলাকায়।
কিন্তু মাদারীপুর, গোপালগঞ্জের বিল-বাওড়ে অভিনব পদ্ধতিতে শিকার হচ্ছে পাখি। ইলেকট্রনিক ডিভাইস দিয়ে কৃত্রিম পাখির ডাক সৃষ্টি করা হয়। ডাক শুনে খাবারের সন্ধানে এলে ফাঁদে পড়ে ডাহুক, পাতিসরালি, পানকৌড়িসহ অসংখ্য পাখি।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, ‘গাইবান্ধার ধানক্ষেত ও বিলেও সারা গায়ে ঝোপঝাড়ের লতাপাতা জড়িয়ে লুকিয়ে থেকে পাখি শিকার করে চোরা শিকারিরা। রাজশাহী গোদাগাড়ির সংরক্ষিত জলভূমিতে চায়না দুয়ারি জালে পাখি শিকার হচ্ছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ও গবেষক আশিকুর রহমান শমী বলেন, ‘পাখি শিকার বন্ধে এয়ারগান বহন ও ব্যবহার নিষিদ্ধ করলেও বাঁশ, কাঠ দিয়ে বানানো হচ্ছে নানা অস্ত্র। ফাঁদ দিয়ে নতুন পুরনো কৌশলেও চলছে পাখি শিকার।’
বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পরিযায়ী পাখি হত্যা দণ্ডনীয় অপরাধ। আইন না মানলে এক বছর কারাদণ্ড বা ১ লাখ টাকা জরিমানা অথবা দুটি দণ্ডই হতে পারে।


