বরাদ্দ ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন চাওয়া চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমানকে মাইক্রোওয়েভ দিতে চেয়েছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য বিজেপি নেতা আন্দালিব রহমান পার্থ। একজন এমপি সংসদে দাঁড়িয়ে মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন এবং পর্দা চাওয়ায় তিনি লজ্জা পাচ্ছেন বলেও সংসদে জানিয়েছেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আলোচনা শুরুর আগে পয়েন্ট অব অর্ডারে এ কথা বলেন পার্থ। তিনি বলেন, ‘এটা আমাকে অনেক লজ্জা দেয় যে একজন মেম্বার অব পার্লামেন্ট এখানে দাঁড়িয়ে যেখানে জনগণের কথা বলবে, যেখানে জনগণের বিভিন্ন দাবির কথা বলবে—সেখানে একজন মেম্বার অব পার্লামেন্ট দাঁড়িয়ে উনি ওয়াশিং মেশিন পেলেন নাকি মাইক্রোওয়েভ পেলেন, না কার্টেইন পেলেন সেই ব্যাপারে দাঁড়িয়ে কথা বলবে। যেখানে আবার বলা হয় আমরা গাড়ি নেব না, আমরা প্লট নেব না।’
এ সময় বিরোধী দলের ওই সংসদ সদস্যকে নিজের তরফ থেকে একটা মাইক্রোওয়েভ দিতে চান বলে জানান তিনি। পার্থ বলেন, ‘আমার তরফ থেকে ওনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই এবং প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যে যদি ওয়াশিং মেশিনটা উনি দেন এবং হোম মিনিস্টার থাকলে আমি বলতাম উনি যদি পর্দাটা কিনে দিতেন, ওনার সংসারটা আমরা গোছাই দিতে পারতাম।’
পরে এ নিয়ে কথা বলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আমি মনে করি, এটা সংসদে না বললেও ভালো হতো। কিন্তু এটা বলে এমন কোনো গর্হিত অপরাধও তিনি (মিজানুর রহমান) করেননি।’
গত বুধবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে—সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটগুলোয় একটি করে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন দেওয়ার দাবি জানান মিজানুর রহমান। এ ছাড়া ফ্ল্যাটগুলোর দরজা-জানালায় পর্দা লাগানোরও দাবি জানান তিনি।


ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি
