দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি। এই প্রকল্পের আওতায় দেশের ঢাকা, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের প্রত্যন্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ৮০টি উচ্চক্ষমতার অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ ও স্থাপন করা হবে।
বিশেষ করে ৬ থেকে ২৪ মাস বয়সী শিশু ও অল্পবয়সী শিশুদের শ্বাসতন্ত্রের রোগের প্রকোপের সময় অন-সাইট অক্সিজেন সরবরাহ অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এই উচ্চক্ষমতার কনসেনট্রেটরগুলো প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় দ্রুত ও নিরবচ্ছিন্ন অক্সিজেন সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটি স্থানীয় স্বাস্থ্যব্যবস্থার সার্বিক সক্ষমতা ও স্থিতিস্থাপকতাও বৃদ্ধি করবে।
প্রকল্পটির সফল বাস্তবায়নে আইসিডিডিআর,বি তাদের মাঠপর্যায়ের কাজের অভিজ্ঞতা ও দক্ষতা ব্যবহার করে কনসেনট্রেটরগুলোর বিতরণ, স্থাপন ও পরবর্তী রক্ষণাবেক্ষণ তদারকি করবে, যাতে সরঞ্জামগুলোর দীর্ঘমেয়াদি ব্যবহার নিশ্চিত করা যায়।
উদ্যোগটি সম্পর্কে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক বলেন, 'যেসব এলাকায় চিকিৎসাসেবা সীমিত, বিশেষ করে সে সকল এলাকাগুলোতে সময়মতো উপযুক্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। আইসিডিডিআর,বি-এর সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে আমরা ঢাকা, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনার একাধিক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলোর অক্সিজেন সেবা দেওয়ার সক্ষমতা বাড়াতে সহায়তা করছি। স্বাস্থ্য খাতের একটি সময়োপযোগী ও বাস্তবসম্মত চাহিদা মেটানোর পাশাপাশি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ভূমিকা রাখতে পেরে আমরা আনন্দিত।'
অন্যদিকে, আইসিডিডিআর,বি-এর নির্বাহী পরিচালক ড. তাহমীদ আহমেদ বলেন, 'অনেক বেসরকারি ও এনজিও পরিচালিত হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেই। পাশাপাশি অক্সিজেন কনসেনট্রেটর ব্যয়বহুল এবং অক্সিজেন থেরাপির প্রয়োজনও বেড়েছে। বিশেষ করে ঝুঁকিতে থাকা ও নিম্নআয়ের মানুষের মধ্যে এ চাহিদা বেশি। এই চ্যালেঞ্জ মোকাবিলায় অক্সিজেনের ঘাটতি পূরণে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-এর এই অনুদান গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে দেশজুড়ে রোগীদের চিকিৎসার ফলাফল আরও উন্নত করতে সহায়তা করবে। দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্য ও কল্যাণে ধারাবাহিকভাবে সহযোগিতা করে যাওয়ার জন্য আমরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-কে ধন্যবাদ জানাই।'
উল্লেখ্য, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ দীর্ঘদিন ধরেই দেশের স্বাস্থ্য খাতের টেকসই উন্নয়নে কাজ করছে। এর আগে ব্যাংকটি কুমুদিনী হাসপাতাল, এম এ রশিদ হাসপাতাল, টিএমএসএস মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মা-শিশু হাসপাতালে সরাসরি বায়ু থেকে মেডিকেল-গ্রেড অক্সিজেন উৎপাদনে সক্ষম প্ল্যান্ট স্থাপনে সহায়তা প্রদান করেছে। বাংলাদেশে ১২১ বছরের ঐতিহ্যবাহী এই বহুজাতিক ব্যাংকটি দীর্ঘমেয়াদি ও টেকসই সামাজিক পরিবর্তনের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।



