উচ্চ তাপমাত্রা এবং করণীয় সংক্রান্ত কোনো বার্তা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে প্রচার করা হয়নি। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত গরমে তাপমাত্রা বৃদ্ধি ও করণীয় সংক্রান্ত একটি বার্তা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। ‘ডাইরেক্টর জেনারেল অব সিভিল ডিফেন্সের’ বরাত দিয়ে প্রকাশিত বার্তাটির সঙ্গে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কোনো সম্পর্ক নেই।
এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
‘বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর’– এর হয়ে ‘ডাইরেক্টর জেনারেল অব সিভিল ডিফেন্সের’ বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। বাংলাদেশে ‘বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর’ বলে কোনো দপ্তর নেই। এ বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত।



