নিউজার্সিতে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা অঘটনের জন্ম দিল ইকুয়েডর। জার্মানিকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল দক্ষিণ আমেরিকার দেশটি। হেরেও অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি।
এদিকে কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে ই-গ্রুপের রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে আইভরি কোস্ট। এবারই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে খেলবে আফ্রিকান দলটি।
ইকুয়েডরের জন্য ছিল বাঁচা-মরার লড়াই। বিশ্বকাপে টিকে থাকতে, জার্মানির বিপক্ষে জয়ের বিকল্প ছিল না তাদের। এমন ম্যাচে ২ মিনিটেই গোল হজম করে বসে ইকুয়েডর। জার্মানিকে লিড এনে দেন লেরয় সানে।
পিছিয়ে পড়ে দমে যায়নি দক্ষিণ আমেরিকার দেশটি। ৯ মিনিটেই সমতায় ফেরে নিলসন অ্যাঙ্গুলোর গোলে।
ম্যাচে দুই দলেরই আক্রমণ প্রায় সমান। তবে অতি আক্রমণাত্মক জার্মানিকে দেখা যায়নি। সে সুযোগ কাজে লাগিয়ে ৭৭ মিনিটে গঞ্জালো প্লাতার নৈপুন্যে জয়সূচক গোলের দেখা পেয়ে যায় ইকুয়েডর। যে গোলে প্রশ্নবিদ্ধ ম্যানুয়ের নয়্যারের কিপিং।
জার্মানির বিপক্ষে এই জয়ে গোল ব্যবধানে উন্নতি করে ৪ পয়েন্ট অর্জন করেছে ইকুয়েডর। তৃতীয় সেরা দলগুলোর মধ্যে অন্যতম সেরা তারা। আর তাই নিশ্চিত হয়েছে নকআউট পর্ব। ২০০৬ বিশ্বকাপের পর এবারই প্রথম নকআউটে উঠল ইকুয়েডর।
এদিকে নিকোলাস পেপের জোড়া গোলে, কুরাসাওকে ২-০ ব্যবধানে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে আইভরি কোস্ট। এর আগে, টানা তিন বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল আফ্রিকান দেশটি।



