প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকায় সংগঠনটির শুক্রবারের পূর্বঘোষিত ভ্যান র্যালি স্থগিত করা হয়েছে। আজ ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এরআগে বৃহস্পতিবার ওই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল। ফেসবুকে কর্মসূচি ঘোষণা দিয়ে জানানো হয়, জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত নিশ্চিতকরণ এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বিজয়নগর বক্স কালভার্ট রোড টু শহীদ হাদি চত্বর ইনকিলাব মঞ্চের ভ্যান র্যালি হবে।
পরে ওই কর্মসূচি স্থগিত করে ফেসবুকে শুক্রবার সকালে বলা হয়েছে, যমুনার সম্মুখে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকায় পূর্বঘোষিত ইনকিলাব মঞ্চের আজকের ভ্যান র্যালি স্থগিত করা হয়েছে৷
এদিকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের নিজের অ্যাকাউন্টে একটি পোস্টে অভিযোগ করে লিখেছেন, যমুনার সামনে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই অবস্থান নিয়ে আছেন সংগঠনটির কর্মী-সমর্থকেরা। এদিন সন্ধ্যায় অবস্থান কর্মসূচিতে যোগ দেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পাসহ সংগঠনের নেতা–কর্মীরা।
জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দায়িত্ব হস্তান্তর না হলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। হাদি হত্যাকাণ্ডের মূল হোতারা এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে মাথায় গুলি করা হয়। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



