সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে ক্ষমতাসীন বিএনপি জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। একই সঙ্গে তিনি বলেছেন, এ বিষয়ে বিরোধীদল জামায়াতে ইসলামী উদারতা দেখিয়েছে।
রোববার ওই মনোনয়ন দেওয়া হয়। পরে রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সারজিস এ নিয়ে কথা বলেন। জামায়ত জোটের হয়ে এনসিপির প্রার্থী হিসেবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে লড়ে পরাজিত হয়েছিলেন তিনি।
সারজিস বলেন, ‘বিএনপি তার জোট শরিকদের সাথে প্রতারণা করেছে। অভ্যুত্থানের আগে থেকে শুরু করে সর্বশেষ নির্বাচন পর্যন্ত জনাব তারেক রহমান নিজে অসংখ্যবার জাতীয় সরকারের কথা বলেছেন। সে হিসেবে আমরা ভেবেছিলাম শক্তিশালী জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে মন্ত্রিপরিষদে বিরোধী দল থেকেও একাধিক জনকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে!’
তিনি লিখেছেন, ‘কিন্তু বিরোধীদল তো দূরের কথা, সরকারি দল তার নিজেদের জোট সঙ্গীদেরকেই মন্ত্রিপরিষদে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে জায়গা করে দিতে পারেনি। ২৫ জন মন্ত্রীর মধ্যে তাদের জোট সঙ্গী অন্য দলগুলো থেকে অন্তত ১জন মন্ত্রী দেওয়ার মতো উদারতাও দেখাতে পারেনি।’
সারজিস লিখছেন, ‘আজকে যখন সংরক্ষিত মহিলা আসনে সরকারি দল এবং বিরোধী দল থেকে মনোনয়ন দেওয়া হল তখনও বিএনপি জোট শরিকদের সাথে আবার প্রতারণা করেছে এবং ন্যূনতম উদারতা দেখানোর মানসিকতা প্রদর্শন করতে পারেনি।’
তিনি লিখেছেন, ‘বিএনপির ৩৬টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে ৩৬টি বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। দেশের বৃহৎ একটি রাজনৈতিক দলের দলীয় প্রধানের কমিটমেন্ট যখন এত ঠুনকো হয় তখন তা আমাদেরকে আশাহত করে।’
সারজিস লিখেছেন, ‘অথচ দল হিসেবে জামায়াত মাত্র ১২টি সংরক্ষিত আসন পেলেও সেখান থেকে এনসিপি, জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে ১টি করে মোট ৩টি আসন ছেড়ে দেওয়ার মতো উদারতা দেখিয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে এই কমিটমেন্ট এবং উদারতা দৃষ্টান্ত হয়ে থাকবে।’



