সীমান্ত সমস্যা নিয়ে জাতীয় সংসদে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীয় দলীয় নেতা শফিকুর রহমান। শুক্রবার সকালে নেত্রকোণা জেলা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় শফিকুর রহমান এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘সীমান্ত সমস্যা নিয়ে সংসদে সরকার কথা বলতে দিচ্ছে না। তবে আগামী ৭ তারিখ আবার নোটিশ জমা দেওয়া হবে। দেশ যেহেতু আমাদের সবার তাই এক ইঞ্চি জায়গা কেন, একটা বালুর ওপরও পা রাখতে দেব না। এই জায়গায় আমাদের বিজিবির পাশাপাশি আমরা সবাই বিজিবি হয়ে ওখানে দাঁড়িয়ে যাব। বিজিবির হাতে অস্ত্র থাকবে আমাদের বুকে দেশপ্রেমের অস্ত্র নিয়ে আমরা দাঁড়িয়ে থাকব।’
জামায়াত আমির আরও বলেন, ‘এটা দুঃখজনক। তারা বলে তারা আমাদের বন্ধু দেশ। বন্ধু দেশ কি এভাবে বিব্রত করে? বন্ধুত্বের পরিচয় এভাবে হয় না। বন্ধুত্বের পরিচয় দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই। কিন্তু কেউ যদি তা না দেয় তাহলে আমরা কি গালে হাত দিয়ে বসে থাকব। এটা সবার দেশ। আমাকে আমার দেশ রক্ষা করতে হবে।’
শফিকুর রহমান সংসদে সরকারি দল ও বিরোধী দলের ন্যায্য ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ‘সরকারি দল ভালো কিছু করলে বিরোধী দল সমর্থন দেবে দেশ এবং জাতির স্বার্থে। সরকারি দল কোনো ভুল করলে বিরোধী দল তা ধরে দেবে। যদি সরকারি দল তা সহজভাবে না নেয় তাহলে বিরোধী দল জনগণের হয়ে প্রয়োজনে অবশ্যই বাঘের গর্জন করবে। কোনো ছাড় দেয়া যাবে না। সরকারি দল আর বিরোধী দল ছাড়া সংসদীয় গণতন্ত্র অচল। পারস্পরিক সন্মান থাকতে হবে। জাতীয় স্বার্থে ঐক্য থাকতে হবে।’



