গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্ব ছাড়া কিছু নয়। আওয়ামী লীগ পাকিস্তানের চেয়ে দেশকে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। এ ছাড়া গোপালগঞ্জের ঘটনার সরকার ধৈর্যের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।
রোববার গোপালগঞ্জ জেলায় দিনব্যাপী প্রতিবাদ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অংগ সংগঠন। ঘটনার রেশে জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়।
সোমবার সচিবালয়ে অনলাইন এডিটরদের সাথে বৈঠক শেষে তথ্যমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, ‘গোপালগঞ্জ জেলায় যা হয়েছে তা আওয়ামী লীগের দেউলিয়াত্ব ছাড়া কিছু নয়। রাজনীতিতে ফেরার অপকৌশল এটি।’
আওয়ামী লীগ সব সময় সহিংসতা করে উল্লেখ করে তথ্যমন্ত্রী আরও বলেন, দলটি যে দেশের কত ক্ষতি করেছে, তা এখনও বোঝাতে পারিনি।
তথ্যমন্ত্রী বলেন, এই দল আবার ফিরে এলে অগনিত মানুষের প্রাণ বিপন্ন হবে। ডিসেম্বরে ফেরার ঘোষণা পলিটিক্যাল ব্লাফ ছাড়া কিছু নয়।
এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, রোববার গোপালগঞ্জের ঘটনায় সরকার ধৈর্য্যের পরিচয় দিয়েছে। বর্তমান সরকার জনগণকে শান্তিতে রাখতে চায়।


