মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে বিএনপি আবারও যুদ্ধাপরাধের পক্ষে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি।
বুধবার (১৬ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বলে দলটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মেনন বলেন, জামায়াতের কর্মীরা এই মানবতাবিরোধী অপরাধীর মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বলে অভিহিত করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়েছে, তেমনি তাদের সুরে সুর মিলিয়ে বিএনপির মহাসচিব সরকারের বিরুদ্ধে সাঈদীকে সঠিক চিকিৎসা না দেওয়ার অভিযোগ এনেছেন। আসলে আগস্ট মাসকে ঘিরে বিএনপি-জামায়াত তাদের নতুন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে তৎপর।
‘অতীতে এই আগস্টেই বঙ্গবন্ধু হত্যা করা হয়েছে। একইসঙ্গে ৬৪ জেলায় বোমা ফাটানো হয়েছে। ২১ আগস্টের গ্রেনেড হামলা হয়েছে। এই আগস্টকেই তাই বেছে নেওয়া হয়েছে নতুন তাণ্ডবের জন্য যাতে নির্বাচনকে বাঁধাগ্রস্থ করা যায়।’ যোগ করেন ওয়ার্কার্স পার্টি প্রধান।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গী দলটির সভাপতি মেনন আরও বলেন, প্রয়াত সাঈদীকে নিয়ে এর আগে যেমন চাঁদে তাঁর ছবি দেখা গেছে বলে প্রচার করা হয়েছিল, এখন আবার সামাজিক মাধ্যমে নানা গল্প ছাড়ানো হচ্ছে। কিন্তু সাঈদীর সবটাই মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। তাঁর ৮৪ বছর প্রমাণ করছে, যুদ্ধাপরাধী বিচারে সে নিজেকে একাত্তরে কিশোর বলে যে দাবি করেছিল তা মিথ্যা। সে ছারছিনা মাদ্রাসা থেকে বহিষ্কৃত ছাত্র এবং আল্লামা হিসাবে তাঁকে কে সনদ দিয়েছে তা জানা নাই।
রাশেদ খান মেনন বলেন, বস্ততঃ বিএনপি-জামাতের রাজনীতিই মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। তাদের মিথ্যার মুখোশ উম্মোচন করে নতুন প্রজম্মকে এগিয়ে নিতে হবে। শাহ ইস্কান্দার রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন রেলওয়ে মাদ্রাসার অধ্যক্ষ খাজা আরিফ।



