এআই প্রযুক্তির চাহিদা মেটাতে বিশ্বজুড়ে চলছে ডেটা সেন্টার নির্মাণের প্রতিযোগিতা, যেখানে নেতৃত্ব দিচ্ছে মেটা, গুগল, মাইক্রোসফটের মতো বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এবারে জানা গেল, ভারতের অন্ধ্র প্রদেশে ১৫ বিলিয়ন ডলার খরচে ডেটা সেন্টার নির্মাণ করতে যাচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। গতকাল মঙ্গলবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, বাংলাদেশি মুদ্রায় বিনিয়োগের অংকটা ১ লাখ ৮২ হাজার কোটি টাকার বেশি। এটাই ভারতের বাজারে গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ হতে যাচ্ছে। তবে এই বিনিয়োগের তাৎপর্য এখানেই সীমাবদ্ধ নয়। ভারতের ওপর ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্ককে কেন্দ্র করে দিল্লি-ওয়াশিংটন সম্পর্কে চলমান টানাপড়েনের প্রেক্ষাপটেই এসেছে ভারতে গুগলের এই বিনিয়োগের ঘোষণা।
ট্রাম্পের পাল্টা শুল্কের জবাবে নরেন্দ্র মোদী ভারতে বিদেশি পণ্য বর্জনের ডাক দিয়েছেন। বিষয়টি এতটাই গুরুতর যে, দিল্লি-ওয়াশিংটন সম্পর্কে অবনতির প্রেক্ষাপটে কিছুটা হলেও একেঅন্যের কাছাকাছি এসেছে দিল্লি ও বেইজিং!
ভারতের নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে গুগল ক্লাউডের প্রধান নির্বাহী (সিইও) থমাস কুরিয়ান জানিয়েছেন যে, অন্ধ্র প্রদেশের পরিকল্পিত ডেটা সেন্টারটি হবে আমেরিকার বাইরে তাঁদের ‘সবচেয়ে বড় এআই হাব।’
এ প্রসঙ্গে কুরিয়ান আরও বলেন, ‘আমাদের এই দীর্ঘমেয়াদি পরিকল্পনার লক্ষ্য হচ্ছে ভারতের নিজস্ব এআই মিশনকে ত্বরান্বিত করা।’
উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের তথ্যপ্রযুক্তি ও অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রীরা। অন্ধ্র প্রদেশের বন্দর নগরী ভিসাখাপাতনামে নির্মিতব্য এই ডেটা সেন্টারটির প্রাথমিক সক্ষমতা হবে ১ গিগাওয়াট।
এর আগে গুগল জানিয়েছে যে, চলতি বছর তাঁরা ডেটা সেন্টার সক্ষমতা তৈরিতে ৮৫ বিলিয়ন ডলার খরচ করবে। বিশ্বব্যাপী এআই সেবা গ্রহণের উচ্চ চাহিদা মেটাতে এআই প্রতিষ্ঠানগুলো তাঁদের ডেটা সেন্টার সক্ষমতা বাড়ানোর প্রতিযোগিতায় নেমেছে। বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা ও প্রতিশ্রুতিও এসেছে এরই মধ্যে। এই যখন অবস্থা, তখন গুগলই-বা পিছিয়ে থাকবে কেন।
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য ভারত একটি বিশাল বাজার। প্রায় এক বিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারীর এই দেশটিতে তাই ইতোমধ্যেই বড় অংকের বিনিয়োগ করেছে মাইক্রোসফট ও অ্যামাজন। এমনকি ভারতের সর্বোচ্চ দুই ধনী ব্যবসায়ী গৌতম আদানি এবং মুকেশ আম্বানিও ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স



