সাকিব, মাঠে নামার আগে দক্ষিণ আফ্রিকার খেলা দেখেছিলেন?

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১০:০০ পিএম

‘আমাদের আরও ভালো বোলিং করা উচিত ছিল। আমার মনে হয়, আমরা শেষ ১০ ওভারেই হেরে গিয়েছি…’

কথাগুলো বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের, কয়েকদিন আগেও জোরেশোরে যার কণ্ঠে ছিল সেমিফাইনালের আশা।

কাল সেভাবে সেমি-স্বপ্নের কথা বলতে পারেননি, অবশ্য বলার পরিস্থিতিও ছিল না। যেভাবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার কাছ থেকে হেরেছে, সেমিফাইনালের কথাবার্তা বললে সেটা পাগলের প্রলাপ ছাড়া কিছুই মনে হতো না। বুদ্ধিমান সাকিব সেটা নিশ্চয়ই বোঝেন। তাই ওপথে এগোননি।

তবে যা বলেছেন, সেটাও জন্ম দিয়েছে কৌতূহলের, প্রশ্নের। শেষ দশ ওভারে দক্ষিণ আফ্রিকা যে ম্যাচ বের করে নিয়ে যাবে, এটা তো অজানা কোনো তথ্য নয়। অন্তত গত এক-দেড় বছর ধরে ওয়ানডে ব্যাটিংকে প্রোটিয়ারা যে উচ্চতায় নিয়ে গেছে, সে কথা মাথায় রাখলে তো আরও অজানা মনে হওয়ার কথা না। তাহলে কী মাঠে নামার আগে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং করার ধরণ সম্পর্কে সেভাবে জানত না বাংলাদেশ? সাকিবের কথা যে ওই প্রশ্নেরই জন্ম দিচ্ছে!

ক্লাসেন তো বটেই, মরার ওপর খাঁড়ার ঘা হয়ে বাংলাদেশকে জ্বালিয়েছেন ডি কক। ছবি : ফাইল ছবি

পাকিস্তানি এক টিভি চ্যানেলের ক্রিকেটবিষয়ক এক টক শো সম্প্রতি বেশ জনপ্রিয় হয়েছে। সে টক শো-তেই অল্প কথায় দুর্দান্তভাবে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং স্টাইল ব্যাখ্যা করেছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক শোয়েব মালিক, ‘ওয়ানডেতে প্রথম ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৫-৬ গড়ে রান তোলে। পরের ২০ ওভার ওরা খেলে টি-টোয়েন্টি স্টাইলে। আর শেষ ১০ ওভার খেলে টি-টেনের মতো।’

পরিসংখ্যানের খটমটে সংখ্যাগুলোও শোয়েব মালিকের কথার সত্যতা দেয়। বিশ্বকাপে খেলা দলগুলোর মধ্যে ওয়ানডেতে এ বছর প্রথমে ব্যাট করতে নেমে শেষ দশ ওভারে সবচেয়ে বেশি রান তুলেছে দক্ষিণ আফ্রিকা – ওভারপ্রতি ১১.৩৬ রান করে নিয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা ভারত তাদের চেয়ে ওভারপ্রতি ২.৭৯ রান কম তুলেছে (৮.৬৭), বাকিরা আরও কম। প্রথমে ব্যাট করা সর্বশেষ সাত ম্যাচে করেছে তিন শ’ ছাড়ানো স্কোর।

এই বিশ্বকাপের কথাই ধরুন। এক নেদারল্যান্ডসের বিপক্ষে ওই ম্যাচটা ছাড়া, প্রত্যেক ম্যাচেই প্রথমে ব্যাট করতে নেমেছে প্রোটিয়ারা। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে শেষ দশ ওভারে রান তুলেছে যথাক্রমে – ১৩৭, ৭৯, ১৪৩। ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচেই শেষ দশ ওভারে রান উঠেছে – ৮, ১১, ১২, ১৯, ৯, ১৮, ১৫, ২০, ২৬, ৫।

বাকি দলগুলোর কথা বাদ দিন, ২০১৯ বিশ্বকাপের পর গতকাল পর্যন্ত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডেতে যখনই মুখোমুখি হয়েছে, বাংলাদেশ শেষ দশ ওভারে রান দিয়েছে ওভারপ্রতি ৮.৭১ হারে। সাকিব কি সে কোথাও বেমালুম ভুলে গিয়েছিলেন?

ম্যাচ শেষে মাহমুদউল্লাহ রিয়াদের কথায় বোঝা গেছে, বাংলাদেশ চেয়েছিল দক্ষিণ আফ্রিকাকে ৩২০ এর মধ্যে আটকে রাখতে, ‘পানি পানের বিরতির সময় আমরা আলোচনা করছিলাম, ৩২০–৩৩০ রান তাড়া করা সম্ভব। কিন্তু আমরা ৩২০–৩৩০ রানের মধ্যে (দক্ষিণ আফ্রিকাকে) আটকে রাখতে পারিনি…’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত কয়েক বছরে বাংলাদেশের সফলতম বোলার তাসকিন আহমেদকে ছাড়া তুখোড় ফর্মে থাকা প্রোটিয়াদের যে ৩২০ রানের মধ্যে আটকে রাখা যেতে পারে, এমন ভাবার জন্যও সাহস থাকা লাগে। বাংলাদেশ বিরতির সময় সে সাহস দেখিয়েছেও। তর্কের খাতিরে ধরে নেওয়া যাক তাসকিন-হীন বোলিং আক্রমণের পক্ষে দক্ষিণ আফ্রিকাকে ৩২০ রানের মধ্যে আটকে রাখা সম্ভবও। যার জন্য মাঝের ওভারগুলোতে নিয়মিত উইকেট তুলে নেওয়া লাগে। বাংলাদেশ কি তা পেরেছে?

ক্লাসেন ঝড় আটকাতে পারেনি বাংলাদেশ। ছবি : টুইটার

শুধু দক্ষিণ আফ্রিকা বলেই না, আধুনিক ক্রিকেটে শেষ ১০-১২ ওভারে হাতে উইকেট থাকলে প্রথমে ব্যাট করা দল ঝড় তুলবেই। সে ঝড় থামানোর একটাই উপায়, মাঝের ওভারগুলিতে নিয়মিত বিরতিতে উইকেট নেওয়া। এবাদত হোসেন না থাকায় বিশ্বকাপের আগেই এ জায়গাতে বড়সড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। মাঝের ওভারে ইংল্যান্ড-ভারতের বিপক্ষে উইকেট নিয়েছে ২টি, নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ টি। মিডল ওভারে উইকেট নেওয়ার মতো পরিকল্পনা না থাকলে শেষ ১০ ওভারে পিটুনি খেতে তো হবেই, তা যতই সাকিবের কাছে আশ্চর্য লাগুক না কেন!

সন্দেহ হতেই পারে, দক্ষিণ আফ্রিকার শেষ দশ ওভারের তাণ্ডব সামলানোর জন্য বাংলাদেশের আদৌ কোনো পরিকল্পনা ছিল কি না। প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপের শুরুতে এক কুইন্টন ডি কক আর ছয় নাম্বারে ডেভিড মিলার – এ দুজন বাদে মাঝের চারজনই ডানহাতি। যাদের বিপক্ষে ডানহাতি লেগ স্পিনার কার্যকরী হলেও হতে পারেন, যা আগের ম্যাচেই আদিল রশিদ দেখিয়ে দিয়েছিলেন।

বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপট বিবেচনায় লেগ স্পিনারের চিন্তা করা বিলাসিতা, ওদিকে বরং না যাওয়া যাক। ডানহাতি ব্যাটসম্যানদের (বিশেষ করে শেষ ওভারগুলোতে ঝড় তোলা ক্লাসেন) বিপক্ষে সে জায়গায় কাজ চালানোর জন্য বাঁহাতি অর্থোডক্স স্পিনারদের ব্যবহার করা যেতে পারে – সাকিব বা নাসুম যেমন বোলার আর কি! স্পিন বোলিংয়ের বিপক্ষে হাইনরিখ ক্লাসেনের দক্ষতা নিয়ে প্রশ্ন নেই সেটা ঠিক, কিন্তু বাঁহাতি অর্থোডক্সের সামনে ক্লাসেনের বিধ্বংসী ব্যাটও তুলনামূলক ‘পোষ’ মানে। সাকিব-নাসুম ঘরানার বোলারদের বিপক্ষে কালকের আগে ক্লাসেনের স্ট্রাইক রেট ছিল ‘মাত্র’ ১২১.৮৯, আউটও হয়েছেন তিনবার। একাদশে তানজিম হাসান সাকিবের মতো বাড়তি পেসার না খেলিয়ে নাসুম আহমেদকে খেলানোর পেছনে যদি এই চিন্তা কাজ করে থাকে – তাহলে বাংলাদেশের ‘থিংক ট্যাংক’ এর প্রশংসা করাই যায়।

কিন্তু ক্লাসেন ব্যাটিংয়ে আসার পর কী দেখা গেল? নাসুম বল করলেন মাত্র এক ওভার, সে ওভারে ক্লাসেন খেললেন তিন বল। সে তিন বলের দুটি দেখেশুনে খেললেও বাকি বলটায় ছক্কা হাঁকালেন সপাটে – তাতে ক্লাসেনের বীরত্ব যতটুকু, বলটাকে প্রয়োজনের চেয়ে বেশি শর্ট লেংথে ফেলার জন্য নাসুমের ‘দোষ’ তার চেয়েও বেশি। সে কারণেই কি না, ৩৫ ওভারের পর সাকিব নাসুমকে আর বলই দিলেন না। একটু মাথা খাটিয়ে বল করলে নাসুম আদৌ ক্লাসেনের বিপক্ষে সফল হতে পারতেন কি না, সে প্রশ্নের উত্তরটাও তাই অজানাই থেকে গেছে।

নাসুম বল করেছেন মাত্র পাঁচ ওভার। ছবি : বিসিবি

সাকিব নিজেও ক্লাসেন আসার পর বল করেছেন মাত্র দুই ওভার। শেষ ওভারে ক্লাসেন নন, তাণ্ডব চালিয়েছেন ডি কক। এরপর সাকিবও আর বল হাতে নেননি। স্পেলের একটা ওভার অব্যবহৃতই থেকে গেছে। ফলে বাঁহাতি অর্থোডক্স স্পিনারের মাত্র পাঁচ বলেই ‘পরীক্ষা’ দিয়েছেন ক্লাসেন। ফলে প্রশ্ন ওঠা স্বাভাবিক, তৃতীয় পেসার হিসেবে তানজিম সাকিবের মতো বোলারকে না খেলিয়ে নাসুমকে খেলানোর ফাটকাটা আদৌ কাজে লেগেছে কি?

প্রশ্ন উঠতে পারে, মোস্তাফিজুর রহমান-হাসান মাহমুদ-শরীফুল ইসলামের মতো তিনজন বোলার যেখানে খেলেছেন, সেখানে আবার তানজিম হাসান সাকিবকে নিয়ে কথাবার্তা কেন? কথা আসছে বাকি তিন পেসারের বোলিং দেখে। ওয়াংখেড়ের পিচ এমনিতেই পেসারদের জন্য শ্মশান-সমান, বলে সামান্য ভ্যারিয়েশন না থাকলে, মাঝের ওভারগুলিতে উইকেট না নিলে কচুকাটা হওয়া ছাড়া বিকল্প থাকে না।

মোস্তাফিজরা সেটাই হয়েছেন। ক্লাসেন-ডি কক যখন তাণ্ডব চালাচ্ছিলেন, বাংলাদেশের পেসাররা কয়টা স্লোয়ার-কাটার-ইয়র্কার দিয়েছিলেন, হাতে গোনা যাবে। এমনিতেই ব্যাটিং ক্রিজের একদম ভেতরে স্ট্যান্স নেওয়ার কারণে ক্লাসেন যেকোনো ইয়র্কারকে ফুল লেংথের ডেলিভারি বানিয়ে ছক্কা মারতে পটু, সেখানে ক্লাসেন যদি আরেকটু সামনে এসে স্ট্যান্স নিতেন – বাংলাদেশের পেসারদের বল দেখে মনে হয়নি তাঁরা তখনও লেংথ অ্যাডজাস্ট করে ঠিকঠাক ইয়র্কার দিতে পারতেন।

মোস্তাফিজের কথাই ধরা যাক, শরীফুল থাকার পরও একাদশে দ্বিতীয় বাঁহাতি পেসার হিসেবে যাকে নেওয়া হয়েছে। তাসকিন না থাকার কারণে বোলিং আক্রমণের সবচেয়ে অভিজ্ঞ পেসারও তাই তিনিই। সেই অভিজ্ঞ মোস্তাফিজ ৯ ওভারে রান দিলেন ৭৬। ডেথ ওভারগুলোতে ধুন্ধুমার পেটাতে গিয়ে ব্যাটসম্যানরা অন্যান্য বোলারদের দুই-একটা উইকেট উপহার দিয়ে আসেন, এ ম্যাচে মোস্তাফিজ সেটাও পাননি। ওয়াংখেড়ের মতো পিচে যেখানে ন্যূনতম ভুল করলেও বেদম পিটুনি খাওয়া লাগে, সেখানে ৪৭তম ওভারে বল করতে এসে ইয়র্কার দিতে গিয়ে লোভনীয় দুটো ফুলটস দিয়ে বসলেন মোস্তাফিজ। মাঝে একটা ব্যাক অফ লেংথের বলও করলেন। অভিজ্ঞ মোস্তাফিজের সেই তিন বলে ক্লাসেন রান তুললেন ১৬।

ম্যাচে এমন হাসি দেখা যায়নি মোস্তাফিজের মুখে। ছবি : বিসিবি

মোস্তাফিজের ওভারটা ডেথ ওভারে বাংলাদেশের যেকোনো পেসারের বোলিংয়েরই প্রতিচ্ছবি। যেখানে ভ্যারিয়েশন-ইয়র্কার-স্লোয়ার-স্লোয়ার বাউন্সার-কাটার ডেলিভারি দেওয়ার কথা, সেখানে একের পর এক ফুলটস দিয়ে যাচ্ছিলেন হাসান-শরীফুলরা। তাও সেসব বলে গতি থাকলেও হতো, ঘন্টায় ১৪০ কিলোমিটারেরও কম গতিতে এসব ডেলিভারি ছাড়লে ক্লাসেনের মতো ব্যাটসম্যান নিশ্চয়ই ডট বলের ডালা সাজিয়ে আপ্যায়ন করবেন না!

শেষ দশ ওভারে ক্লাসেন ঠিক কতটুকু ভয়ঙ্কর, একটু দেখে নেওয়া যাক। এ বিশ্বকাপে শেষ দশ ওভারে সবচেয়ে বেশি রান তিনিই তুলেছেন। দশ ছক্কায় ৭২ বলে ১৪২ রান করেছেন। ওয়ানডে ক্যারিয়ারে শেষ দশ ওভারে রান তুলেছেন প্রায় ১৭০ স্ট্রাইক রেটে। ক্রসব্যাটে খেলা শটে যেকোনো বোলারকে কাঁদিয়ে ছেড়েছেন।

তাই বলে ক্লাসেনকে কি আউট করা যায় না? অবশ্যই যায়। একটু আগেই বাঁহাতি অর্থোডক্স স্পিনের প্রসঙ্গ এসেছিল সে কারণেই। আইপিএলের পেসাররা অফ স্টাম্পের একটু বাইরে ফুল লেংথে একের পর এক বল দিয়ে ক্লাসেনকে কাবু করেছেন। এবার শ্রীলঙ্কার কাসুন রাজিতাও একই কাজ করেছেন।

যে ডেলিভারিতে ক্লাসেনকে আউট করেছেন হাসান মাহমুদ, সে ডেলিভারিগুলো আরও আগে থেকে দেওয়া শুরু করলে হয়তো এত রান হতো না! ছবি : বিসিবি

মোস্তাফিজ-হাসান-শরীফুলকে সে পরিকল্পনার ধারকাছ দিয়েও বল করতে দেখা গেল না। এমনিতেই অফসাইডে তেমন বাউন্ডারি হাঁকাতে চান না এই ব্যাটসম্যান। বাংলাদেশের বোলাররাও নিশ্চিত করেছেন, ওদিকে না মেরেই যেন ক্লাসেন সমানে রান তুলতে পারেন।

পরিকল্পনাহীন বোলিং, সঙ্গে সাকিব-মাহমুদউল্লাহর কথাগুলো এ প্রশ্নই জোরালো করে তোলে, বাংলাদেশ কি আদৌ গতকাল মাঠে নামার আগে দক্ষিণ আফ্রিকার খেলা দেখেছিল?

বাঁহাতি এ অলরাউন্ডার যে এবার লিজেন্ডস লিগে খেলবেন, সেটা অবশ্য আগেই জানা গিয়েছিল। সম্প্রতি মেজর লিগ ক্রিকেটের পর লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন সাকিব। এর মাঝেই জানা গেল, লিজেন্ডস লিগে বাংলাদেশ...
টাইগারদের ওয়ানডে দলের নেতৃত্ব থেকে মেহেদী মিরাজকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো লিটন দাসকে। আর সহ-অধিনায়কের দায়িত্বে তাওহীদ হৃদয়। টেস্টে নাজমুল শান্তর ডেপুটি হিসেবেই থাকছেন মিরাজ, বিসিবির বোর্ড সভায় এই...
তা মিরাজের পর ওয়ানডের নতুন অধিনায়ক হবেন কে? বিসিবি সূত্র জানা গেছে, বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকেই ওয়ানডে নেতৃত্বভার দিতে চায় বিসিবি। অন্যদিকে টেস্ট দলের অধিনায়কত্ব চালিয়ে যাবেন নাজমুল...
অনেক দিন ধরেই আলোচনা চলছিল, ইংলিশ গণমাধ্যমও প্রতিবেদন প্রকাশ করেছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এল আজ। দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 
কৃষিপণ্য পরিবহনে চাঁদাবাজি, মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা ও দুর্বল বাজার তদারকির কারণে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসছে না বলে জানিয়েছে সিপিডি। সংস্থাটির গবেষণায় দেখা গেছে, চালের দাম পাঁচ ধাপ...
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১ হাজার ৫ জন রোগী শনাক্ত বা উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট হামের রোগী ও...
আগামী আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, আগস্টে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম...
ফরিদপুরে সামেলা আক্তার নামে এক নারীকে কুপিয়ে ও মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে রাহিম শেখের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর