আগামী শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৬ আইপিএল। তবে আইপিএলের ১৯তম আসরের আগে কোনো ধরনের উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, সর্বশেষ আইপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া বেঙ্গালুরুর শিরোপা উৎসব চলাকালে পদপিষ্ট হয়ে ১১ জন প্রাণ হারিয়েছিলেন। ওই ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বছর আইপিএলের আগে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড।
উদ্বোধনী অনুষ্ঠান না হলেও ফাইনালের দিন (৩১ মে) একটি জমকালো অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল। টাইমস অব ইন্ডিয়াকে বিষয়টি জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।
এ প্রসঙ্গে সাইকিয়া বলেছেন, ‘গত বছরের ৪ জুনের মর্মান্তিক ঘটনার কারণে আইপিএলের শুরুর দিন কোনো অনুষ্ঠান হবে না। দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিসিসিআই এ বার উদ্বোধনের দিন কোনো সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করছে না। তবে, ফাইনালের দিন একটি বড় অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।’
শুধু যে এবারই আইপিএলে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হচ্ছে, এমন নয়। এর আগে ২০১৯ সালে পুলওয়ামা হামলায় প্রায় ৪০ জন নিহত হওয়ার ঘটনায় সেবার টুর্নামেন্ট শুরুর আগে কোনো অনুষ্ঠান হয়নি। তখন বোর্ডের দায়িত্বে ছিল সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস। আর ওই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দকৃত অর্থ নিহতদের পরিবারকে দান করা হয়েছিল।


আইপিএল নাকি টাকার খেলা? এক দিনে ৪১ হাজার ৭৫৯ কোটিতে বিক্রি হলো দুই দল
