অশ্রুসিক্ত নয়নে বিশ্বকাপ থেকে মেসির বিদায়। খেলা হয়তো চালিয়ে যাবেন, কিন্তু বিশ্ব আসরে আর দেখা যাবে না আর্জেন্টাইন মহাতরাককে। একক নৈপুণ্যে দল ফাইনালে তুললেও, স্পেনের কাছে হেরে খালি হাতে ফিরতে হলো সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে।
এই কান্নাভেজা মেসিকে দেখতে চায়নি বিশ্বব্যাপী তার কোটি কোটি ভক্ত। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ে মহাতারকার শেষটা হবে রাজসিক, এমনটাই ছিল চাওয়া। কিন্তু ওয়ান লাস্ট ড্যান্স হলো না মেসির। বিশ্বকাপ অধ্যায়ের শেষটা হলো বিষাদময়।
আসর জুড়ে মেসি ছিলেন অনন্য। ৮ গোল ও ৪ অ্যাসিস্টে, গোল্ডেন বল ও গোল্ডেন বুট, দুই পুরস্কারের দৌড়েই ছিলেন। ফাইনাল পর্যন্ত এসে বিশ্বকাপ যখন জেতা হলো না, তখন হারালেন সবই। আর কোনো স্বীকৃতিই মিললো না। রিক্ত হাতে এবারের বিশ্বকাপ মঞ্চ থেকে মেসির বিদায়।
আসরে কোনো গোল বা অ্যাসিস্ট না করেও মেসিকে ছাপিয়ে গোল্ডেন বল জিতে নিলেন রদ্রি। প্লে মেকার হিসেবে স্পেনকে বিশ্ব চ্যাম্পিয়ন করায় অসামান্য অবদান রাখার জন্যই রদ্রি এই স্বীকৃতি পেলেন।
বিশ্বকাপ যত শেষের দিকে ঘনিয়ে আসছিল, বাড়ছিল মেসির অবসরের গুঞ্জন। সতীর্থ রোমেরো মেসিকে অনুরোধ করেছিলেন, আমরা যদি বিশ্বকাপ জিতি, তোমায় আরো ২ বছর থেকে যেতে হবে। মেসি ছিলেন নিরুত্তর।
বিশ্বকাপ তো জেতা হলো না। মেসি কি বিদায় বলে দিবেন প্রিয় আর্জেন্টিনাকে? নাকি থেকে যাবেন আরো কিছুদিন। তা সময়ই বলে দিবে। তবে বিশ্বকাপে তার বর্ণিল অধ্যায়ের বোধ হয় এখানেই সমাপ্তি।
হালান্ড, ইয়ামাল, এমবাপের মতো তারকারা আরো কয়েকটি বিশ্বকাপ সপ্রতিভ হয়ে রাঙাবেন। আরো সহস্র তারকা গ্রেটেস্ট শো অন আর্থে আসবেন। নানা রঙে রঙিন করে তুলবেন ফুটবল বিশ্বকাপ। তবে মেসির মতো আর কেউ কি আসবে! এ-পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর।



