বিশ্বকাপ শেষ হওয়ার সপ্তাহ পেরিয়ে গেলেও আলোচনা-সমালোচনা চলছে এখনো। শুধু টুর্নামেন্ট শেষে নয়, বিশ্বকাপ জুড়েই ছিল সমালোচনা। তবে সমালোচকদের এবার কঠোর ভাষায় জবাব দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যারা বিশ্বকাপের সমালোচনা করেছেন, তারা ‘ঘৃণায় ডুবে ছিলেন’ বলে মন্তব্য করেছেন তিনি।
নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রাম ও ফিফার অফিসিয়াল চ্যানেলে দেওয়া এক বার্তায় ২০২৬ বিশ্বকাপের আয়োজন, ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা সাংবাদিক ও সমালোচকদের কঠোর সমালোচনা করেছেন ইনফান্তিনো। ফিফা সভাপতির মতে, বিশ্বকাপ ছিল ঐক্যের এক বড় উদাহরণ। কিন্তু ব্যক্তিগত পক্ষপাত ও নিজস্ব উদ্দেশ্যের কারণে সমালোচকেরা ফুটবলের আসল আনন্দ উপভোগ করতে পারেননি বলে মন্তব্য করেন তিনি।
ফিফা সভাপতি লিখেছেন, ‘যারা শিশু, নবজাতক, দাদা-দাদি, বাবা-মাকে একসঙ্গে সুন্দর খেলাটা উপভোগ করতে দেখার মুহূর্তগুলো মিস করেছেন, তাদের জন্য দুঃখিত। ম্যাচগুলো এখন শেষ হয়ে গেছে এবং আপনারা সেই আনন্দ ও একতার মুহূর্তগুলো উপভোগ করতে পারেননি।’
এরপর সমালোচকদের উদ্দেশে কঠোর বার্তায় ইনফান্তিনো বলেন, ‘দুঃখিত, আপনারা এতটাই ঘৃণা ও সমালোচনায় ডুবে ছিলেন যে, সবকিছুই মিস করেছেন।’
এসব ‘ঘৃণা ও গুজব’ ছড়ানো সাংবাদিকদের উদ্দেশে ইনফান্তিনো বলেন, ’যারা কলম ও কাগজের আড়ালে, পর্দার পেছনে বসে ঘৃণা ও মিথ্যা গুজব ছড়াচ্ছেন, তাদের বলতে চাই— আপনারা যখন পেছনে বসে আছেন, আমরা ফিফায় সামনে থেকে কাজ করছি, কঠোর পরিশ্রম করছি এবং বিশ্বের সেরা আয়োজন উপহার দিচ্ছি।’
ভবিষ্যৎ ফুটবল নিয়ে কথা বলতে গিয়ে ইনফান্তিনো তাঁর সমালোচকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে ইনফান্তিনো বলেছেন, ‘যারা আমাদের ঘৃণা করতে নিজেদের সময় ও শক্তি ব্যয় করছেন, তাদের অনুরোধ করব একটু ভাবুন, ধ্যান করুন, প্রার্থনা করুন অথবা একটা ফুটবল ম্যাচ দেখুন এবং খেলোয়াড় ও সমর্থকদের মুখ, চোখ ও আবেগগুলো বোঝার চেষ্টা করুন।’
শেষে তিনি বলেন, ‘আপনারা শান্তি খুঁজে পাবেন। ফিফা সেই শান্তি খুঁজে পেয়েছে এবং বিশ্বের সবচেয়ে অসাধারণ বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে সেটি পৌঁছে দিচ্ছে। ফুটবল সব ধরনের ঘৃণার ঊর্ধ্বে উঠুক।’



