আফগানিস্তানে সরকারি নথি, চিকিৎসাপত্র এবং হাসপাতালের রেকর্ড থেকে নারীদের প্রকৃত নাম মুছে ফেলার মৌখিক নির্দেশ বা ফতোয়া জারি করেছে তালেবান। বলখ প্রদেশের সরকারি দপ্তর এবং স্বাস্থ্যকর্মীদের এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দা গার্ডিয়ান।
তাতে বলা হয়েছে, যেন কোনো নথিপত্র বা প্রেসক্রিপশনে নারীদের প্রথম নাম লেখা না হয়। নারীদের ব্যক্তিগত নামের বদলে বিবি অথবা সংখ্যা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই নাম নিষিদ্ধের নির্দেশনার কোনো লিখিত কপি এখনো প্রকাশ্যে আসেনি।
সেইসঙ্গে এই নির্দেশনা কেবল বলখ প্রদেশেই সীমাবদ্ধ নাকি সারা দেশে কার্যকর করা হবে, সে বিষয়েও তালেবানের পক্ষ থেকে নিশ্চিত তথ্য মেলেনি।
আফগানিস্তানে দাদি বা বয়স্ক নারীদের ক্ষেত্রে বিবি শব্দটি ব্যবহার করা হয়।
এদিকে, চিকিৎসাপত্র এবং হাসপাতালের রেকর্ডে শত শত নারীর নামের জায়গায় একই শব্দ বা শুধু সংখ্যা লেখা থাকলে রোগী শনাক্তকরণ, রোগ নির্ণয় এবং চিকিৎসায় ভয়াবহ বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকে তালেবান প্রশাসন নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও চলাফেরার ওপর শতাধিক বিধিনিষেধ আরোপ করেছে।


