সোনা কেবল একটি ধাতু নয়, হাজার বছরের ইতিহাসে এটি সম্পদ, নিরাপত্তা ও সামাজিক মর্যাদার প্রতীক। অলংকার ও বিনিয়োগের পাশাপাশি অর্থনৈতিক নিরাপত্তা ও ভূরাজনৈতিক শক্তির ক্ষেত্রেও সোনার গুরুত্ব বাড়ছে। বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশ চীন। একই সঙ্গে দেশটি সোনার অন্যতম বৃহৎ ভোক্তা।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সবশেষ হিসাব অনুযায়ী, ২০২৫ সালে চীন ৩৮৪ দশমিক ৩ টন সোনা উৎপাদন করেছে। ২০২৪ সালেও দেশটি ৩৮০ দশমিক ২ টন সোনা উৎপাদন করে শীর্ষস্থান ধরে রেখেছিল।
চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশীয় কাঁচামাল থেকে দেশটি ২২০ দশমিক ৯৩৫ টন এবং আমদানি করা কাঁচামাল থেকে ১২৭ দশমিক ০৫৫ টন সোনা উৎপাদন করেছে। সব মিলিয়ে উৎপাদনের পরিমাণ ৩৪৭ দশমিক ৯৯ টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪৪ শতাংশ কম।
এ সময়ে চীনে সোনার মোট ব্যবহার হয়েছে ৬৮৪ দশমিক ৬২৩ টন, যা আগের বছরের তুলনায় শূন্য দশমিক ২৮ শতাংশ বেশি। এর মধ্যে গয়না তৈরিতে ব্যবহৃত হয়েছে ১৭৮ দশমিক ৬১২ টন, সোনার বার ও কয়েন কেনায় ৪৪৪ দশমিক ৫৭৬ টন এবং শিল্পসহ অন্যান্য কাজে ৬১ দশমিক ৪৩৪ টন।
চীনের সবচেয়ে বড় পাঁচটি সোনার খনি
গ্লোবালডেটার তথ্য অনুযায়ী, চীনে বর্তমানে ১১৭টি সোনার খনি চালু রয়েছে। ২০২৩ সালের উৎপাদনের হিসাব অনুযায়ী, দেশটির শীর্ষ পাঁচটি খনি হলো—
শাসি কপার মাইন: আনহুই প্রদেশে অবস্থিত ভূগর্ভস্থ খনিটির মালিক টংলিং ননফেরাস মেটালস গ্রুপ। ২০২৩ সালে এখান থেকে ৬ লাখ ৪৯ হাজার ১৮০ আউন্স সোনা উৎপাদিত হয়।
ইশিংঝাই গোল্ড মাইন: শানসি প্রদেশের এই খনির মালিক জিজিন মাইনিং গ্রুপ। ২০২৩ সালে উৎপাদন ছিল ১ লাখ ৯২ হাজার ২৪০ আউন্স। খনিটি ২০৩৯ সাল পর্যন্ত চালু থাকার কথা।
সানশানদাও গোল্ড মাইন: শানদং প্রদেশে অবস্থিত খনিটির মালিক শানদং গোল্ড গ্রুপ। ২০২৩ সালে উৎপাদন ছিল ১ লাখ ৮৯ হাজার ১৬০ আউন্স। চালু থাকার মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত।
জিয়াওজিয়া গোল্ড মাইন: শানদং প্রদেশের এই ভূগর্ভস্থ খনির মালিকও শানদং গোল্ড গ্রুপ। ২০২৩ সালে উৎপাদিত হয়েছে ১ লাখ ৭১ হাজার ৪৭০ আউন্স সোনা। খনিটি ২০২৬ সাল পর্যন্ত চালু থাকার কথা।
দে শিং মাইন: জিয়াংসি প্রদেশের উন্মুক্ত এই খনির মালিক জিয়াংসি কপার। ২০২৩ সালে এখান থেকে ১ লাখ ৬৫ হাজার ২৩০ আউন্স সোনা উৎপাদিত হয়। খনিটি ২০৫০ সাল পর্যন্ত চালু থাকার কথা।


