মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি শিগগিরই এমনিতেই খুলে যাবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি ওই প্রণালি না খোলে তবে ফের হামলা হবে ইরানে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন বলে আল জাজিরা আজ বুধবার জানিয়েছে।
ট্রাম্প বলেন, ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না। তাদের কাছে ইতোমধ্যেই তা নেই। হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে যাবে। নইলে তারা প্রচণ্ড আঘাত পাবে এবং তারপর প্রণালিটি খুলে যাবে।
তিনি বলেন, আমরা একটি ভয়াবহ আক্রমণ চালানোর পরিকল্পনা করেছিলাম, যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড়। তখন তারা (ইরান) আমাকে ফোন করে খুব বিনয়ের সাথে বলল, ‘দয়া করে আমরা কি কথা বলতে পারি? আমরা কি কথা বলতে পারি?’ আমি বললাম, ‘হ্যাঁ, আমরা কথা বলতে পারি। চলুন এটা সম্পন্ন করি। অবশেষে, চলুন এটা সম্পন্ন করি।’
ট্রাম্প বলেন, যদি ইরান আবার পিছু হটে, তবে তারা সত্যিই কঠিন আঘাত পাবে; তারা তা জানে; তারা তা বোঝে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা যা করছি তা যদি না করতাম, তবে তারা কথা বলত না। আমরা তাদের ওপর খুব, খুব কঠিন আঘাত হেনেছি, কিন্তু আসল কঠিন আঘাত এখনও বাকি। আশা করি, আমাদের তা ব্যবহার করতে হবে না। আমি আশা করি আমাদের তা করতে হবে না।



