মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লেগেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ‘ইউকেএমটিও’ আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ কিংবা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
ইউকেএমটিও জানিয়েছে, ওই এলাকা দিয়ে অতিক্রমকারী অন্য একটি জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে তারা এ সংক্রান্ত খবর পেয়েছে। ওমানের খাসাব উপকূল থেকে মাত্র ৯ নটিক্যাল মাইল উত্তরে জাহাজটিতে আগুন জ্বলতে দেখা যায়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই এই প্রণালিতে নানা সময়ে অবরোধ দিয়েছে ইরান। এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা–নামার মধ্যে রয়েছে।


