সৌদি আরবের জাজান তেল পরিশোধনাগারে আবারো হামলা চালিয়েছে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবারের এ হামলার কথা নিশ্চিত করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।
এরআগে, বুধবারও জাজানে হামলা চালিয়েছিল হুতিরা। তবে এ হামলা প্রতিহত করার দাবি করেছিল সৌদি নেতৃত্বাধীন জোট।
তবে বৃহস্পতিবারের হামলায় হুতিদের ড্রোন সরাসরি এসে পরিশোধনাগারে আঘাত হেনেছে।
এদিকে ইয়েমেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর হোদেইদাতের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
এরইমধ্যে ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, কয়েক ঘণ্টায় হুতিদের অবস্থান লক্ষ্য করে ৭৬৭টি হামলা চালিয়েছে তারা। এতে ১১৭ হুতি যোদ্ধা নিহত এবং ৮৭টি যানবাহন ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।


