প্রচলিত একটি ধারণা হলো, টেনে বাঁধলে চুল দ্রুত লম্বা হয়। অনেকেই তাই ঘুমানোর সময় চুল বেঁধে নেন। আবার চুলের ডগা ফেটে যাওয়ার আশঙ্কা থেকেও অনেকে ঘুমের আগে চুলে বিনুনি করেন। কেউবা আবার রাবার ব্যান্ড দিয়ে চুল বেঁধে শুতে যান।
কেউ কেউ মনে করেন, চুল বেঁধে ঘুমালে খসখসে হয় না। ফলে চুল সিল্কি আর মোলায়েম থাকে। কিন্তু এসব আসলে কতটা সত্যি!
সাম্প্রতিক সময়ে বিশেষজ্ঞরা বলছেন, চুল বেঁধে ঘুমানোর ফলে মাথার ত্বকে টান পড়ে। ফলে চুল পড়ার সমস্যা বেড়ে যায়। টাক পড়ে যাওয়ার অন্যতম কারণও নাকি চুল বেঁধে শোয়ার এ অভ্যাস!
রাতে ঘুমানোর সময়ে আমাদের অজান্তেই চুলে টান পড়ে। প্রতি রাতে মাথার ঠিক একই জায়গায় চুল বেঁধে রাখলে চুলের গোড়া ভঙ্গুর হয়ে ওঠে। ফলে আপনি যদি প্রতিদিন শক্ত করে পনিটেল করে ঘুমাতে যান এবং একদিন ঘুম থেকে উঠে বালিশের উপর এক গোছা চুল পড়ে থাকতে দেখেন, তাহলে অবাক হবেন না যেন!
আবার যাদের লম্বা চুল, তারা চুল খুলে ঘুমালে সকালে মাথায় জট দেখা দিতে পারে।

সমাধানের উপায়
সত্যি কথা হলো, আপনার চুলের ধরণ এবং অভ্যাসের উপর নির্ভর করছে আপনার চুলের জন্য সেরা পদ্ধতি কোনটি।
চুল লম্বা ও ঘন হলে ঘুমানোর আগে ঢিলেঢালা বিনুনি বেঁধে নিলে উপকার পাওয়া যাবে। আবার যদি চুল ছোট বা পাতলা হয় তবে এটি খোলা রাখাটাই আরামদায়ক হবে।
খোলা চুলে ঘুমানোর বড় সুবিধা, এতে চুলে কোনও ধরনের চাপ পড়ে না। ফলে চুল ভেঙে যাওয়ার বা পড়ার আশঙ্কা কমে।

ঘুমের সময় চুলের যত্ন
- সকালে ঘুম থেকে উঠে একবার এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে আরও একবার চুলের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। চুল আঁচড়ানোর সময় মোটা দাঁতের চিরুনি ব্যবহার করা ভালো।
- ভেজা চুলে কখনই ঘুমাবেন না। ঘুমের সময় সিল্ক বা স্যাটিনের বালিশ ব্যবহার করতে পারেন। এটি ঘর্ষণের কারণে চুল ভেঙে যাওয়া থেকে রক্ষা করে।
- চুলে আর্দ্রতা জোগাতে এবং জট রোধ করতে রাতে ঘুমানোর আগে চুলে একটু হেয়ার সেরাম লাগাতে পারেন। সকালে শ্যাম্পু করার ইচ্ছা থাকলে রাতে ভালো করে নারকেল তেল লাগিয়ে ঘুমাতে পারেন।
- চুল বাঁধার জন্য কাপড়ের হেয়ার ব্যান্ড বা স্ক্রাঞ্চি ব্যবহার করুন। এতে চুলে ঘষা লাগবে না। ফলে চুল সুরক্ষিত থাকবে।
- সবচেয়ে জরুরি কথা হলো, চুল ভালো রাখতে হলে টেনে চুল বাঁধবেন না। এভাবে বাঁধলে চুলের গোড়ায় টান পড়ে। এতে চুল ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। দুর্বল হয়ে যেতে পারে চুলের গোড়াও। ঘুমাতে যাওয়ার আগে একটি হালকা পনিটেল করে নিতে পারেন। বড় চুলের জন্য ঢিলে বিনুনিও বাঁধতে পারেন।


চুল লম্বা হচ্ছে না কিছুতেই? সমাধান মেথিতে
স্যাটিন বালিশের কভারে কি আসলেই চুল পড়া বন্ধ হবে? 
