প্রকৃতিতে বইছে শীতের হাওয়া। ভোর থেকে সকাল পর্যন্ত দেশের অনেক স্থানে দেখা যাচ্ছে কুয়াশা। আর কিছুদিন পরই জেঁকে বসবে শীত। তবে শীত আসার আগেই বাজারে শীতের শাক–সবজি–ফল আসতে শুরু করেছে। শীত মানেই বাজারে হরেক ফলের সমাহার।
শীতের ফল জলপাই। দেশি ফলের মধ্যে জলপাই অন্যতম। আকারে ছোট আর গাঢ় সবুজ রঙের এ ফলের আছে অনেক পুষ্টিগুণ। জলপাই এমন একটি ফল, যা মুখের স্বাদ বাড়িয়ে দেয়। কাঁচা জলপাই যেমন খাওয়া যায়, তেমনি টক হিসেবে বা ডালের সঙ্গে অথবা আচার হিসেবেও জলপাই খাওয়া যায়।
শীতকাল আচার তৈরি করার উত্তম সময়। যারা আচার খেতে একটু বেশি পছন্দ করেন, তাদের কাছে জলপাই অনেক প্রিয়। রাস্তা দিয়ে হয়তো হেঁটে যাচ্ছেন। এমন সময় দেখলেন, ভ্যানে বিক্রি হচ্ছে জলপাই। তারা দেরি না করে জলপাই কিনে নিতে পারেন। যাতে সারা বছরের জন্য নানা পদের জলপাইয়ের আচার তৈরি করে রাখতে পারেন।
জলপাইয় পুষ্টিগুণসমৃদ্ধ একটি ফল। প্রতি ১০০ গ্রাম জলপাইয়ে ক্যালরি ১১৬, প্রোটিন শূন্য দশমিক ৮ গ্রাম, কার্বোহাইড্রেট ৬ গ্রাম, ফাইবার এক দশমিক ৬ গ্রাম, ফ্যাট দশ দশমিক ৯ গ্রাম আছে। এ ছাড়া জলপাই ভিটামিন ও মিনারেলের ভালো উৎস। এই ফলে আরও রয়েছে ভিটামিন ই, অ্যান্টি–অক্সিডেন্ট, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম। হার্টের অসুখ এবং ক্যানসারের বিরুদ্ধে ভালো কাজ করে জলপাই।
আসুন জেনে নিন, জলপাইয়ের উপকারিতা:
১. জলপাই প্রাকৃতিক অ্যান্টি–অক্সিডেন্টসমৃদ্ধ একটি ফল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে। এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
২. কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ হার্টের অসুখ। জলপাই তেল শরীরের জন্য খুবই উপকারী। যাদের হার্টের সমস্যা তাদের জন্য রান্নায় জলপাইয়ের তেল ব্যবহার করতে পারেন। এ তেল রক্তের কোলস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখবে। তাই হৃদরোগের ঝুঁকি কমায় জলপাই।
৩. বর্তমানে ক্যানসারের ব্যাপকতা বাড়ছে। জলপাইয়ের অ্যান্টি–অক্সিডেন্টসমৃদ্ধ উপাদান ক্যানসারের বিরুদ্ধে কাজ করে। এ ছাড়া জলপাইয়ের বিভিন্ন উপাদান হাড়ের ক্ষয়রোধ করে।
৪. জলপাইয়ের তেল চুলের গোড়ায় লাগালে চুলের স্বাস্থ্য ভালো থাকে। এতে চুলের গোড়া মজবুত হয়। এতে চুল পড়ার সমস্যা দূর হয়।
৫. শীতের আগে বা শীতকালে বাড়তে পারে ঠান্ডার বিভিন্ন অসুখ। ঠান্ডা, সর্দি, জ্বরে সুস্থ করতে জলপাই বেশ কার্যকর।
৬. জলপাইয়ে আছে আয়রন। যা আমাদের শরীরে অক্সিজেন পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৭. জলপাইয়ে আছে ভিটামিন ই, যা ত্বকের স্বাস্থ্য ও শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে।
সূত্র: হেলথলাইন


ডিম ভালো নাকি খারাপ, যেভাবে বুঝবেন
পালংশাক খাওয়া কতটা উপকারী?
ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে গেলে বিপদ কতটা?
