সন্ধ্যায় গরম চায়ের কাপের পাশে যদি থাকে খাস্তা, সুবাসিত বাদাম পেস্ট্রি, তাহলেই জমে ওঠে আড্ডা। দোকানের তৈরি পেস্ট্রি যতই মুখরোচক হোক, ঘরে বানানো পেস্ট্রির স্বাদ আর আনন্দ আলাদা। অল্প উপকরণে সহজেই বানিয়ে ফেলা যায় এই বাদাম পেস্ট্রি। যা খেতেও মচমচে আর দেখতে দারুণ। রইল রেসিপি।
উপকরণ
- বাদাম ৭০ গ্রাম
- চিনি ১/৪ কাপ
- হিমালয়ান পিঙ্ক লবণ ১ চিমটি
- ডিম ১টা (ছোট)
- মাখন (গলানো) ১ টেবিল চামচ
- ভ্যানিলা এসেন্স ১/২ চা-চামচ
- পাফ পেস্ট্রি ৪০০ গ্রাম
- ডিমের কুসুম (ফেটানো) ১টা
- ভাজা বাদাম পরিমাণমতো
প্রস্তুত প্রণালী
একটি চপার মেশিনে বাদাম দিয়ে ভালোভাবে কুচি করে নিন এবং একটি বাটিতে তুলে রাখুন। সেখানে চিনি, লবণ, ডিম, মাখন ও ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি আলাদা করে রাখুন।
শুকনো ময়দা ছিটিয়ে পাফ পেস্ট্রিটিকে বেলন দিয়ে ০.৫ সেন্টিমিটার পুরু করে বেলে নিন। এবার পাফ পেস্ট্রির ওপরে বাদামের মিশ্রণটি সমানভাবে ছড়িয়ে দিন। এরপর রোল করে ১.৫ ইঞ্চি চওড়া করে চাকতির মতো কেটে নিন।
একটি বেকিং ট্রে বেকিং শিট দিয়ে ঢেকে তাতে কাটা পেস্ট্রিগুলো সাজিয়ে রাখুন। প্রতিটির ওপর ফেটানো ডিমের কুসুম ব্রাশ করুন এবং বাদাম কুচি ছিটিয়ে দিন। আগে থেকে গরম করা ওভেনে ১৮০°সে তাপমাত্রায় ২০-২৫ মিনিট বেক করুন। গরম গরম বাদাম পেস্ট্রি পরিবেশনের জন্য প্রস্তুত।


ব্রেড ছাড়াই বানাতে পারেন চিকেন স্যান্ডউইচ
মিষ্টি স্বাদে ভরপুর ক্যারামেল খির আর পাফড্ পুরি
