চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এমভি সিএনসি ইউরেনাস নামে মাল্টার পতাকাবাহী একটি কন্টেইনারবাহী জাহাজ আটকা পড়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় বন্দরের স্বাভাবিক জাহাজ চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানান, বন্দর চ্যানেলে প্রবেশের সময় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ২ নম্বর লাল বয়ার পাশে জাহাজটির তলদেশ মাটিতে আটকে যায়।
ঘটনার পরপরই জাহাজটি সরিয়ে নিতে বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নৌবাহিনী যৌথভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। বন্দরের টাগবোট কাণ্ডারী-২ ও কাণ্ডারী-১১ উদ্ধারকাজে অংশ নিয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, জাহাজটিতে মোট ১ হাজার ২৮২টি কন্টেইনার রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কর্তৃপক্ষ আরও জানায়, ভাটার সময় সাধারণত এ নৌপথে বড় জাহাজ চলাচল বন্ধ থাকে। তবে জাহাজটি আটকে গেলেও বন্দরের সামগ্রিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।



