কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শৌচাগারের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। এ সময় হাসপাতালের পরিচালককে উদ্দেশ করে তিনি বলেন, ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করি। যদি আমি পারি, তাহলে আপনার কাছে জানতে চাইব—আপনি কেন পারলেন না?’
মন্ত্রীর এমন বক্তব্যের প্রায় ৫০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কৃষিমন্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। গত ১ সেপ্টেম্বর হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় বিভিন্ন স্থানের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করছেন কৃষিমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের পরিচালককে উদ্দেশ করে বলেন, ‘সুইপার আর হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করব।’
তিনি আরও বলেন, ‘টাইলসের ওপর কালো দাগ থাকার কথা নয়। হারপিক ব্যবহার করলে এসব দাগ পরিষ্কার হয়ে যায়।’ পরে হাসপাতালের শৌচাগারগুলোর পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
ভিডিওতে কৃষিমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘বাথরুমগুলোর জঘন্য অবস্থা। সব ফ্লোরে দেখব, বাথরুম আছে ছয়টা, এর মধ্যে পাঁচটি বন্ধ। অন্তত বাথরুমটা তো আপনারা ঠিক রাখবেন।’
এ সময় তিনি আরও বলেন, ‘আই ওয়ান্ট ক্লিন রাইট নাউ।’
জানা গেছে, গত ১ সেপ্টেম্বর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে হাসপাতালের সার্বিক পরিবেশ, শৌচাগার ও অন্যান্য অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন কৃষিমন্ত্রী।
শুধু শৌচাগারের অপরিচ্ছন্নতাই নয়, হাসপাতালের বৈদ্যুতিক পাখাগুলোর নাজুক অবস্থাও মন্ত্রীর নজরে আসে। দীর্ঘদিন ধরে নষ্ট থাকা পাখাগুলো দ্রুত মেরামতের জন্য হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালককে নির্দেশ দেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান বলেন, গণপূর্ত বিভাগকে দ্রুত শৌচাগারগুলো মেরামতের জন্য বলা হয়েছে। শৌচাগারসহ পুরো হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ১১ জন সরকারি কর্মচারী ও ৬৩ জন আউটসোর্সিং কর্মী কাজ করছেন। তাদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।



