মোহাম্মদপুরে কিশোরী গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন। তারা এই ঘটনাকে হত্যা বলে অভিযোগ করেছে।
আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে সংগঠনগুলো ‘প্রীতি উরাংয়ের হত্যার সুষ্ঠু তদন্ত’ দাবি করে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পাশবিক নির্যাতনের মাধ্যমেই হত্যা করা হয়েছে প্রীতি উরাংকে। তারা বলেন, যে বাড়িতে প্রীতি কাজ করতেন সেখানে আগেও গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে। বার বার কেন একই ঘটনা ঘটছে—তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। কিভাবে প্রীতিকে হত্যা করা হয়েছে তার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন তারা।
সমাবেশে প্রীতির মা মমিতা উরাং ও বাবা লুকেশ উরাং কান্নাজড়িত কণ্ঠে বলেন, দুবেলা পেট ভরে খাওয়ার আশায় মেয়েকে ঢাকায় পাঠানো হয়েছিল। কিন্তু যেভাবে তার মেয়েকে হত্যা করা হয়েছে তার বিচার চাই।
প্রীতি ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজ করতেন। গত ৬ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। সৈয়দ আশফাক ও তার পরিবারের দাবি, ফ্ল্যাট থেকে পড়ে প্রীতি মারা গেছে।
গত বছরের ৬ আগস্টও একই ধরনের ঘটনা ঘটে আশফাকুল হকের বাসার। সেবার ৯ বছরের এক শিশু গৃহকর্মী ফ্ল্যাট থেকে পড়ে গুরুতর আহত হয়। ওই ঘটনায় নির্যাতনের অভিযোগ এনে আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া হক ও শিল্পী নামের আরেক নারীকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন শিশুটির মা।
ছয় মাসের ব্যবধানে একই ঘটনার পুনরাবৃত্তির কারণে বিষয়টিকে সন্দেহজনক বলছেন এই ঘটনার তদন্তকারী পুলিশ কর্মকর্তারা।


ডেইলি স্টারের নির্বাহী সম্পাদকের গৃহকর্মীর মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি
