টাঙ্গাইলের নাগরপুরে একটি বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে ২৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা হয়।
ঘটনার পর বিদ্যালয়টির শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, আজ সকাল সোয়া ১০টার পর শিক্ষার্থীরা ক্লাসে যাচ্ছিল। তখন তাদের অনেকেই বমি করতে থাকে। পরে ২৯ জনকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি উল্লেখ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, অন্য শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মোস্তাফিজুর রহমান বলেন, টিউবওয়েলের পাশ থেকে পলিথিনে ভরা সাদা পেস্টের মতো ক্রিম উদ্ধার করা হয়েছে। আমার ধারণা এই পেস্ট টিউবওয়েলের পানির মধ্যে কেউ মেশানোর কারণে বিষক্রিয়া হয়েছে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, আমরা স্কুল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালে যারা ভর্তি রয়েছে, তারা অনেকটাই সুস্থ।



