বিশ্বকাপ ফুটবল খেলা চলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বহিরাগত প্রবেশ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।’ এ ছাড়া আগামী ২৪ জুন থেকে ক্যাম্পাস এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলেও জানানো হয় এতে।
এতে আরও বলা হয়েছে, বিশ্বকাপ চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ও জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিং, খাবার ও অনলাইন শপিংয়ের গাড়ি এবং সরকারি গাড়ি) ছাড়া অন্য সব যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। ক্যাম্পাসে গণপরিবহন এবং ভারী যানবাহন প্রবেশ সবসময়ই নিয়ন্ত্রিত থাকবে বলে জানানো হয়।
বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। ঢাকার বিভিন্ন জায়গা থেকে সেই খেলা দেখতে আসেন অনেকেই।



