রাজধানীর ওয়ারীর নারিন্দা রোডে দুর্বৃত্তদের হামলায় সুভাষ দেউরী (২৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের একজন পুরোহিত।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে আজ সকালে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহত সুভাষ দেউরীর বাড়ি মাগুরার শ্রীপুর থানা এলাকায়। তার বাবার নাম শ্যামল দেউরী। ওয়ারীর নারিন্দা এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন সুভাষ দেউরী।
আহত সুভাষ দেউরীকে হাসপাতালে নিয়ে আসা রুমমেট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দুর্যয় সাহা বলেন, গতকাল রাতে ওষুধ কেনার জন্য বাইরে বেরিয়েছিলেন সুভাষ। এ সময় ও অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
তিনি বলেন, এতে সে মাথা ও হাত-পায়ে গুরুতর আঘাত পেয়ে আহত হন। পরে বিষয়টি আমরা জানতে পেরে আজ সকালের দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগের তার চিকিৎসা চলছে।
তিনি আরও জানান এ সময় দুর্বৃত্তরা পুরোহিত সুভাষের কাছ থেকে একটি স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ওই ফোন থেকে সুবাসের বোনের কাছে দুর্বৃত্তরা ফোন দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, সকালে গুরুতর আহত অবস্থায় ওই পুরোহিতকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।



