রাজধানীর গুলশান লেক পরিচ্ছন্ন রাখতে অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ ৫ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ৫ শতাধিক কর্মী। শুক্রবার সকাল ৯টায় ‘চলো খাল বাঁচাই’ স্লোগানে এ উদ্যোগ শুরু হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), গুলশানের বাসিন্দাদের সংগঠন গুলশান সোসাইটি, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি বাংলাদেশ এবং বেসরকারি সংগঠন ফুটস্টেপস বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।
৩ দিনের এ পরিচ্ছন্নতা অভিযানে সকাল থেকেই লেকের দুই পাশে জমে থাকা আবর্জনা অপসারণের পাশাপাশি লেকের ভাসমান বর্জ্যও পরিষ্কার করছেন কর্মীরা। তারা বলছেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের পাশাপাশি জলাশয়ের সৌন্দর্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। নগরবাসীকেও লেকে বা এর আশপাশে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান।
আয়োজকেরা বলছেন, গুলশান লেকের পরিচ্ছন্নতা কার্যক্রমকে দীর্ঘমেয়াদি উদ্যোগে রূপ দিতে ভবিষ্যতে আরও কর্মপরিকল্পনা নেওয়া হবে। পর্যায়ক্রমে রাজধানীর সকল খাল ও লেক পরিষ্কার করা হবে বলে জানায় সিটি করপোরেশন।
স্থানীয়রা বলেন, নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হলে গুলশান লেকের পরিবেশ ও সৌন্দর্য দীর্ঘমেয়াদে সংরক্ষণ করা সম্ভব হবে।



