ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি খাইরুল আলমের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। এর ফলে তার মুক্তিতে আপাতত আইনে বাধা নেই।
এর আগে গত বুধবার ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবির তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রিকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার।
মামলাটি বিচার শেষে গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
ওই মামলায় গত ২৬ আগস্ট নিজ বাসা থেকে গ্রেপ্তার হন বিদিশা সিদ্দিক।



