অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় মোংলায় যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী রাসেল হাওলাদারকে (৪০) আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জানুয়ারি বিসিজি বেইস মোংলা নালা সংলগ্ন পিকনিক কর্নার এলাকা থেকে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করা হয়।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টায় বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে করিম শরীফ বাহিনীর আরেক সহযোগী মোশাররফের কাঠের বোট থেকে দুটি একনলা বন্দুক ও আট রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটক রাসেল হাওলাদার বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতিতে জড়িত ছিলেন এবং ডাকাত দলের কাছে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।
লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান আরও জানান, আটক ডাকাত সহযোগী ও জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



