খুলনা নগরীর দৌলতপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদের ভেতরে ঢুকে দুজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, একটি তেলের পাম্প নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। আহত দুজন হলেন– লোকমান ও আলম। এদের মধ্যে লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। আহত আলম খুলনা মেডিকেল কলেজ হসাপাতালে চিকিৎসাধীন।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, ফজরের নামাজ শেষে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক লোকমান হাকিম এবং আলম মন্ডল মসজিদে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত মসজিদের ভেতর প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। তাদের ছোড়া গুলিতে লোকমান ও আলম গুরুতর আহত হন।
তিনি জানান, স্থানীয় মুসল্লিরা তাদের দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। তাদের মধ্যে লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অপরজনকে খুমেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জহিদুল হাসান বলেন, একটি তেলের পাম্প নিয়ে বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা। পুলিশ দোষীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।



